কিরণ মান্না: এমনিতেই আগুন বাজার (High Price)। জিনিসপত্রে হাত ছোঁয়ানো যাচ্ছে না। এর মধ্যেই ক্রমশ দামি হয়ে উঠছে জবা ফুলও (Hibiscus Flower)। কালীপুজোর (Kali Puja 2025) অপরিহার্য ফুল এই জবা ফুল। আর কালীপুজোর আগেই সেই জবা ফুল নিয়ে বিপাকে পড়েছেন বাংলার চাষিরা! পাঁশকুড়ার হিমঘর বন্ধ, পচে যাচ্ছে ফুল। কালীপুজোয় তাই আকাশছোঁয়া দর হতে পারে জবার।
হিমঘর 'গরম'
আর মাত্র দু'দিন পরে কালীপূজা ও দীপাবলি। কিন্তু পাঁশকুড়ার সরকারি ফুল মজুত রাখার হিমঘর চালু না হওয়ায় মেদিনীপুর জেলার ফুলচাষি ও ফুলব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। কালীপূজার অপরিহার্য ফুল জবা। কালীপুজো দোরগোড়ায়, এদিকে সেই জবার কুঁড়ি সংরক্ষণের সমস্যায় পড়ছেন জেলার চাষিরা। অনুকূল আবহাওয়ায় চলতি বছরে জবাফুলের ফলন ভালো হয়েছে। কিন্তু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন ফুলচাষিরা। কালীপুজোর দিনে বিপুল চাহিদা মেটাতে এখন থেকেই জবাফুল মজুতের প্রয়োজন হচ্ছে। কিন্তু হিমঘর চালু না থাকায় বিকল্প মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে রাখতে হচ্ছে ফুল। সেখানে সংরক্ষণের সঠিক পরিবেশ না থাকায় বহু ফুল পচে নষ্ট হচ্ছে।
১০০০ ৮০০
বর্তমানে জবার কুঁড়ির দাম প্রতি হাজারে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাধারণত ৪০ থেকে ৫০ টাকা ছিল! অনুমান করা হচ্ছে, কালীপুজোর দিনে এই দাম বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা প্রতি হাজারে পৌঁছতে পারে।
ফুলব্যবসায়ী সমিতি
সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, কালীপূজার আগেই পাঁশকুড়ার হিমঘরের যন্ত্রাংশ মেরামত না হওয়ায় আমরা ওই সরকারি হিমঘরে ফুল রাখতে পারিনি। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। তিনি আরও জানান, রাজ্য জুড়ে কালীপুজোর দিনে যে পরিমাণ জবা ফুলের প্রয়োজন, তা মেটাতে চাষিদের প্রায় ১৫ দিন আগে থেকেই হিমঘরে কুঁড়ি মজুত রাখতে হয়। কিন্তু এবার সেই সুযোগই হয়নি। চাষিদের কথায়, ফুল পচে যাচ্ছে, আবার বিকল্প হিমঘরে রাখায় অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে। প্রসঙ্গত, দুর্গাপূজায় পদ্ম ছাড়া অন্যান্য ফুলের দাম অনেকটাই চড়া ছিল। এবার কালীপূজাতেও হিমঘর সমস্যার কারণে জবাফুলের দরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোল্ড স্টোরেজ
কোল্ড স্টোরেজ নিয়ে তমলুক শহিদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাইত জানান, ব্লকে একটি কোল্ডস্টোরেজ চলছে, আরেকটি বেসরকারি কোস্টোরেজ-- সেটাও চলছে। কিন্তু পাঁশকুড়া কোল্ডস্টোরেজও খুব শীঘ্রই চালু হয়ে যাবে।