তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের আদিনা মসজিদ পরিদর্শনের ছবি ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। মালদা সফরে গিয়ে পাঠান সোশ্যাল মিডিয়ায় ঐতিহাসিক আদিনা মসজিদের ছবি পোস্ট করেন এবং একে ১৪শ শতকের ইসলামিক স্থাপত্যের নিদর্শন বলে উল্লেখ করেন। তবে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারী দাবি করেন, আদিনা মসজিদ আসলে 'আদিনাথ মন্দির'-এর উপর গড়ে তোলা হয়েছিল।
মন্তব্যকারীরা জানান, মসজিদের নির্মাণে হিন্দু স্থাপত্য ও দেবতার নিদর্শন এখনও দৃশ্যমান। কেউ কেউ শিবলিঙ্গ ও গণেশের ভাস্কর্য থাকার প্রমাণও তুলে ধরেন। ইতিহাসবিদদের একাংশ স্বীকার করেন, আদিনা মসজিদের নির্মাণে পাল-সেন যুগের মন্দিরের উপকরণ ব্যবহার করা হয়েছিল। যদিও বর্তমানে এটি প্রত্নতত্ত্ব দফতরের অধীনে সংরক্ষিত এবং সেখানে ধর্মীয় কার্যকলাপ আইনত নিষিদ্ধ।
বাবরি মসজিদ, জ্ঞানবাপী বা মথুরার মতোই আদিনা মসজিদকেও ঘিরে ধর্মীয় ইতিহাস ও রাজনীতির টানাপোড়েন ফের প্রকাশ্যে এল। পাঠানের একটি পোস্ট যেন আবার নতুন বিতর্কের দরজা খুলে দিল।