মাত্র একুশেই সব শেষ! কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু কুলতলির মৎস্যজীবীর
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল এক তরুণ মৎস্যজীবীর। দিন কয়েক পরে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। বুধবার থেকে নিখোঁজ থাকার পর শনিবারে উদ্ধার হল তাঁর দেহ। শোকের ছায়া পরিবারে।
নিহত মৎস্যজীবীর নাম তাপস হালদার। বয়স ২১ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মইপিট এলাকায়। বুধবার তিনজনের একটি মৎস্যজীবী দল সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে যায়। দলের বাকি দুই সদস্যের দাবি, সেই সময় হঠাৎই আজমলমারি জঙ্গল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দলটির উপর। তাপসকে নৌকা থেকে তুলে নিয়ে যায় বাঘ। অন্য দুই সঙ্গী নৌকায় বসে থাকলেও কিছু করতে পারেননি। তাঁদের চোখের সামনে থেকে বন্ধুকে নিয়ে যায় বাঘটি।
বুধবার ঘটনাটি ঘটার পর শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফিরে খবর দেন ওই মৎস্যজীবীর দলটি। তারপরই বনদপ্তরের কর্মীরা ও মৎস্যজীবীদের দল ঘটনাস্থলে যায়। চলে তল্লাশি অভিযান। তখনই উদ্ধার হয় তরুণ তাপসের ক্ষতবিক্ষত দেহ। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে বুধবার কুলতলিতে বাঘের আক্রমণে প্রাণ যায় আরেক মৎস্যজীবী শম্ভু সর্দারের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক মৎস্যজীবীর প্রাণ গেল। এক সপ্তাহের মধ্যে সুন্দরবনের জঙ্গলে কুলতলির দুই ব্যক্তি নিহত হলেন বাঘের আক্রমণে।