নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ৪০ হাজার নামের তালিকা প্রকাশ, প্রক্রিয়া সম্পন্নে সুপ্রিম কোর্টে বাড়তি সময় চাইল এসএসসি
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য প্রায় ৪০ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের তথ্য যাচাই প্রক্রিয়ায় ডাকছে এসএসসি। শুক্রবার রাত ৮টার কিছু আগে এই তালিকা এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করেছে। এই স্তরে শূন্যপদ রয়েছে ২৩,২১২টি। মোট পদের ১.৬ গুণ প্রার্থীর ইন্টারভিউয়ে ডাক পাওয়ার কথা। সেই হিসেবে ৩৭ হাজারের কিছু বেশি প্রার্থীকে ডাকার কথা ছিল। তবে, তার চেয়ে অনেক বেশি প্রার্থী ‘কাট অফ মার্কস’ পেয়েছেন। ফলে ইন্টারভিউয়ে অনেক বেশি প্রার্থীকে ডাকতে হচ্ছে। সূত্রের খবর, এই তালিকায় গণিত এবং ভৌতবিজ্ঞান বিষয়ে অনেক যোগ্য চাকরিহারার নাম নেই। শূন্যপদ ২০১৬-এর তুলনায় সবচেয়ে বেশি কমেছে এই বিষয়গুলিতে।
এদিকে, ৩১ ডিসেম্বরের মধ্যে যে নবম-দশমের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না, তা বুঝে গিয়েছে এসএসসি। এই সময়সীমাই বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাই এসএসসি সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট জমা দিয়ে বাড়তি তিনমাস সময় চেয়েছে। ৩১ মার্চ পর্যন্ত যাতে এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চালানো যায়, সেই দাবি জানিয়েছে এসএসসি। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য বাড়তি ১৫ দিন সময়ও চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এদিকে, জানা যাচ্ছে, তথ্য যাচাই প্রক্রিয়া একসপ্তাহের মধ্যেই শুরু করে দেবে এসএসসি। এমনকি, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া জন্য নবম-দশম শ্রেণির কিছু প্রার্থীর ইন্টারভিউও শুরু করে দেবে কমিশন। তবে, পুরো প্রক্রিয়া শেষ করতে কয়েকমাস লাগবেই বলে দাবি তাদের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন, বাড়তি সময় চাওয়া নিয়ে তাঁদের সঙ্গে আগাম আলোচনা করেছিল এসএসসি। যে যোগ্য চাকরিহারারা ডাক পাচ্ছেন না, তাঁদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবে সরকার।
এদিকে, এসএসসি অন্য একটি সমস্যায় পড়েছে হাইকোর্টে। বয়স পেরিয়ে যাওয়া ২০১৬ এসএলএসটির (উচ্চ মাধ্যমিক) ওয়েটিং লিস্টের কিছু প্রার্থীর মামলার প্রেক্ষিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, তাঁদের ইন্টারভিউ নিয়ে নিতে হবে। তবে, শুধুমাত্র মামলাকারী প্রার্থীদেরই ইন্টারভিউ নেবে কমিশন। তারপরে মুখবন্ধ খামে সেই নম্বর আদালতে জমা দিতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করে তাদের মতামতাও জানাবে কমিশন। তার ভিত্তিতে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে আদালত।
প্রসঙ্গত, এই প্রার্থীরা এবারও আবেদন করেছিলেন। তবে, এসএসসি জানায়, বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ায় তাঁদের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। তারপরেই আদালতের দ্বারস্থ হন তাঁরা। এর ফলে আরও বেশি সংখ্যক ইন্টারভিউয়ের বোঝা চেপেছে এসএসসির কাঁধে। ফলে, এর জন্য বাড়তি সময়ও লাগবে তাদের। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে এই বাড়তি চাপের বিষয়টিও জানিয়ে রাখা হচ্ছে।