এসআইআর শুনানি: মানুষের পাশে থাকারই বার্তা তৃণমূলের
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি পর্ব। আগামী একমাস ধরে চলবে এই প্রক্রিয়া। এই পর্বে এলাকায় ক্যাম্প বা শিবির করে পাশে থাকবেন তৃণমূল কর্মীরা। যাঁদের শুনানি পর্বে ডাকা হবে, তাঁদের যাতে কোনও অসুবিধা না-হয়, সেদিকে নজর রাখবে তৃণমূল। নেতৃত্ব বলেছেন, কোনও কোনও ভোটারকে শুনানিতে ডাকা হতেই পারে। সংশ্লিষ্ট ব্যক্তি কমিশনকে পূর্ণ সহযোগিতা করবেন। ওই ভোটারের পাশে থাকবেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। কাগজপত্র সংক্রান্ত সবরকম সহযোগিতা করা হবে। তবে কোনও বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনমুখী আন্দোলন হবে।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে। কোন বিধানসভা কেন্দ্রে কত মানুষের নাম বাদ পড়ছে, তার এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ করবে তৃণমূল। সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইচ্ছাকৃতভাবে কোনও বৈধ ভোটারের নাম কমিশন বাদ দিচ্ছে কি না, সেটার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। ওইসঙ্গে তৃণমূলের তরফে অভ্যন্তরীণ পর্যালোচনাও শুরু হয়ে গিয়েছে। দেখা হচ্ছে ২০২১ সালে বিধানসভায় কত ভোটার ছিলেন। কত মানুষের বাদ পড়ছে ২০২৬ সালের ভোটের আগে। তৃণমূলের ভোটব্যাংকে ধাক্কা দেওয়ার জন্য বিজেপির কথায় কমিশন ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে কোনও অংশের মানুষের নাম বাদ দিচ্ছে কি না, তারও পর্যালোচনা শুরু করে দিয়েছে তৃণমূল। মনে করা হচ্ছে, দিনকয়েকের মধ্যেই তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে জেলায় জেলায় বার্তা পাঠানো হবে।