অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েতকে দিল সমাজকল্যাণ দপ্তর
বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে একটা বড় সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি থাকলেও পরিকাঠামোগত একাধিক সমস্যা রয়েছে। কয়েকটি ক্ষেত্রে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় কেন্দ্রগুলির হাল বেশ খারাপ। তাই সেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরাতে পঞ্চায়েত দপ্তরের শরণাপন্ন হল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। দুই দপ্তরের আলোচনার পর ঠিক হয়েছে, এবার থেকে আইসিডিএস সেন্টারের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার সহ অন্যান্য কাজ করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এতদিন নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের টাকায় এই কাজ হতো। তারাই সংস্কারের উদ্যোগ নিত। কিন্তু এবার পঞ্চদশ অর্থ কমিশন, রাজ্য অর্থ কমিশন বা নিজস্ব আয় দিয়ে এই কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েতগুলিকে। জেলায় জেলায় এমনই নির্দেশ পাঠানো হয়েছে।
কীভাবে হবে এই কাজ? জানা গিয়েছে, জেলায় কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল খারাপ, তা আগে চিহ্নিত করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে সেই তালিকা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে দেবে জেলার আইসিডিএস বিভাগ। কী কী কাজ করতে হবে, তা খতিয়ে দেখবে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এরপর কাজগুলির জন্য তাদের আলাদা করে বাজেট ধরতে হবে। তার আগে পৃথক একটি ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকার থেকে আলাদা করে কোনও খরচ দেওয়া হবে না। তাই গ্রাম পঞ্চায়েতগুলি বিভিন্ন অর্থ কমিশন থেকে যে টাকা পাচ্ছে, তার থেকে এই কাজের জন্য খরচ করতে হবে। দপ্তরের এক আধিকারিক বলেন, যদি কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয় বা পানীয় জলের সংযোগ সংক্রান্ত কাজ করতে হয়, সেক্ষেত্রে পঞ্চায়েতগুলি পঞ্চদশ অর্থ কমিশনের ‘টায়েড ফান্ড’ থেকে খরচ করতে পারবে। কেন্দ্র রক্ষণাবেক্ষণ বা কোনও নির্মাণ করতে গেলে ‘আনটায়েড ফান্ড’ ব্যবহার করা যাবে।