• 'যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট হোক...'
    ২৪ ঘন্টা | ১৪ ডিসেম্বর ২০২৫
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মেসি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। যুবভারতীতে তুমুল গণ্ডগোল, ভাঙচুর। 'যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন'? প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ' যারা মাঠে মেসির সঙ্গে তুলছিল' আর আয়োজকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলেছেন তিনি।

    ফেসবুকে পোস্টে কুণাল লিখেছেন, 'যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট হোক। তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত। ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে, তাদের থেকেও জরিমানা নেওয়া হোক'।

    এদিকে গতকাল, শনিবার যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং IFA।  সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, তাদের সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি এবং এটা সম্পূর্ণ ছিল একটি পি আর এজেন্সি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অনুষ্ঠান। এর সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং IFA-র কোন সম্পর্ক ছিল না বা নেই।

    শীতের শহরে মেসি।  শনিবার ভোররাতে প্রবল উত্‍সাহ-উদ্দীপনার মধ্যে কলকাতায় পা রাখেন আর্জেন্টিয়ার তারকা ফুটবলার। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। মাত্র ২০ মিনিট থেকেই যুবভারতী থেকে বেরিয়ে যান তিনি। এরপরই 'মাসিহা-মেসি'র এক ঝলকও না পেয়ে রীতিমতো ক্ষেপে ওঠেন দর্শকরা। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়েন তাঁরা। শুরু হল ব্যাপক ভাঙচুর।

    এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ক্ষমা চেয়ে নেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসঙ্গে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি'। 

    কলকাতা বিমানবন্দর থেকে 'মেসি গোট ইন্ডিয়া ট্যুর'-র মূল উদ্যোক্তা  শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিস। আজ, রবিবার আদালতে পেশ করা হলে, তাঁকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

  • Link to this news (২৪ ঘন্টা)