• মায়ের সঙ্গে ঝগড়া, ট্রেনে দেওঘর পাড়ি নাবালকের
    বর্তমান | ১৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মায়ের সঙ্গে পড়াশোনা নিয়ে ঝগড়া। অভিমানে বাড়ি ছেড়ে দেওঘরে গিয়ে হাজির ঠাকুরপুকুরের ১৫ বছরের কিশোর। ঝাড়খণ্ডের তীর্থস্থানে তার সন্ধান পেল পুলিশ। নিখোঁজ ওই স্কুল ছাত্রকে দ্রুত কলকাতায় ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, ওই ছাত্র ঠাকুরপুকুর বাজার এলাকার বাসিন্দা। সে জোকার একটি নামী স্কুলে নবম শ্রেণিতে পড়ে। গত শুক্রবার সকাল ৭টা নাগাদ সখের বাজারে টিউশন পড়তে গিয়েছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার সময় পড়া শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন বাবা-মা। তাঁরা প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন। পরিবার পুলিশকে জানায়, নিখোঁজ কিশোরের কাছে মোবাইল ফোন বা টাকা-পয়সা ছিল না। এর ভিত্তিতে ঠাকুরপুকুর থানার পুলিশ একটি মিসিং ডায়েরি রুজু করে তদন্ত শুরু করে।

    মোবাইল পোন ট্র্যাক করার সুযোগ না থাকায় তদন্তকারীরা স্থানীয় এলাকার এবং কিশোরের সম্ভাব্য গতিপথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ ও ম্যানুয়াল সোর্সকে হাতিয়ার করে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হন যে, ওই কিশোর হাওড়া স্টেশনে গিয়েছে। এরপর হাওড়া স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হন, সে দেওঘরের ট্রেনে উঠেছে। বিলম্ব না করে ঠাকুরপুকুর থানার তদন্তকারী দল সঙ্গে সঙ্গে কিশোরের ছবি ও তার বর্ণনা সহ যাবতীয় তথ্য দেওঘর পুলিশের কাছে পাঠায়।

    দেওঘরের পুলিশ সক্রিয় হয়ে ওঠে। তারা নিখোঁজ কিশোরকে শনাক্ত করে এবং তাকে স্থানীয় থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর পুলিশকে জানায়, মায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে তার ঝগড়া হয়, যেকারণে সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে।

    সঙ্গে টাকা না থাকলেও কীভাবে সে ট্রেনের টিকিট কেটেছিল? পুলিশের এই প্রশ্নের উত্তরে কিশোর জানায়, ‘সে পথচারীদের কাছে খিদে পেয়েছে বলে সাহায্য চেয়েছিল। তাতে সাড়া দিয়ে কেউ পাঁচ টাকা, কেউ আবার ২০ টাকা পর্যন্ত দিয়েছেন। এভাবে অল্প অল্প করে ট্রেনের টিকিটের টাকা জোগাড় করেছে সে।’ ঠাকুরপুকুর থানার একটি দল দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিশোরকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)