নিজস্ব প্রতিনিধি, বারাসত, কলকাতা ও সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালিতে ট্রাকের ধাক্কা কাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম গোলাম হোসেন। সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। পুলিশ সূত্রে খবর, গোলাম হলো ঘাতক গাড়ির খালাসি। তবে থানায় যাদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে, তাদের কাউকেই এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মূল অভিযুক্ত আলিম মোল্লার ধারেকাছে পৌঁছতে পারেনি তারা। এদিকে, শেখ শাহজাহানের নিশানায় থাকা ভোলানাথ ঘোষের বাড়িতে রবিবার থেকে বসেছে পুলিশ পিকেট। সূত্রের খবর, শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন পুলিশ অফিসার এখন বসিরহাট জেলা পুলিশের ‘স্ক্যানার’-এ রয়েছেন। তবে, এ নিয়ে পুলিশের কোনও কর্তাই মন্তব্য করতে চাননি।
বাসন্তী হাইওয়ের উপর ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি এলাকায় গত বুধবার সকালে একটি ট্রাক চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারলে মৃত্যু হয় সত্যজিৎ ঘোষ ও গাড়িচালক সাহিনুর মোল্লার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চারচাকার গাড়িতে করে ছোট ছেলেকে নিয়ে বসিরহাট আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ। ওই ধর্ষণ মামলায় অভিযুক্ত শেখ শাহজাহান। যাওয়ার পথে একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা দিয়ে নয়ানজুলিতে ফেলে দেয়। ভোলানাথবাবুর ছেলে ও গাড়িচালকের মৃত্যুর পর সন্দেশখালিজুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভোলানাথবাবুর দাবি, শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা দুর্ঘটনার সময় ট্রাক চালাচ্ছিল। পরিকল্পনা করেই খুন করা হয়েছে। মোট আটজনের নামে ন্যাজাট থানায় তিনি অভিযোগ করলেও অভিযুক্তদের কাউকেই এখনও ধরতে পারেনি পুলিশ। তবে, শনিবার রাতে ট্রাকের খালাসি গোলাম হোসেনকে হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অন্যদিকে, বসিরহাট জেলা পুলিশ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন পুলিশকর্মীর গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে। এনিয়ে বিজেপি নেতা পলাশ সরকার বলেন, শাহজাহান জেলে বসে যদি এই খুনের পরিকল্পনা করতে পারে, তাহলে পুলিশ অফিসারদের প্রভাবিত করা ওর কাছে জলভাত। পুলিশ প্রশাসনের উচিত এ বিষয়ে পদক্ষেপ করা। এ নিয়ে সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক বলেন, পুলিশ নিজেদের মতো তদন্ত করবে। এ ব্যাপারে আমাদের কোনও বক্তব্য নেই। বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। শাহজাহান ঘনিষ্ঠ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখার কথা স্বীকার করেননি তিনি।