নিজস্ব প্রতিনিধি, বারাসত: নামে ‘স্পা’। কিন্তু দীর্ঘদিন ধরে তার আড়ালে চলছিল দেহব্যবসা। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পর বারাসতের একটি আবাসনে হানা দিল অশোকনগর থানার পুলিশ। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। এই চক্র চালানোর অভিযোগে স্পায়ের ম্যানেজার ইসরাইল শেখকে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে আর কোনও বড় মাথা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া যুবক-যুবতীদের বারাসত থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বারাসতের যশোর রোডে কাজিপাড়া এলাকায় একটি পোশাকের কারখানার পাশে রয়েছে ওই স্পা-টি। অভিযোগ, সেই স্পায়ের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেহব্যবসা। কয়েকদিন আগে অশোকনগর থানায় এক অভিযোগকারী গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা দেন। রবিবার রাত সাতটা নাগাদ অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে ওই স্পা সেন্টারে চলে অভিযান। এই চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্পায়ের ম্যানেজারকে। এনিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।