• ইন্ডিগোর বিমানে থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হল লুথরা ভাইদের
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: নাইটক্লাবে আগুন লাগার পরই দেশ ছেড়ে পালিয়েছিলেন। থাইল্যান্ডের ফুকেতে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবের দুই মালিক গৌরব ও সৌরভ লুথরা। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হল লুথরা ভাইদের। ওই অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই ইন্ডিগোর বিমানে চেপে পালিয়েছিলেন দু’জন। এদিন ইন্ডিগোর একটি বিমানেই তাঁদের ভারতে ফেরানো হয়েছে। দুপুর দু’টোর দিকে দিল্লি বিমানবন্দরে নামেন তাঁরা। সেখানে তাঁদের হেপাজতে নেয় গোয়া পুলিশ। দুই ভাইয়ের মুখ ছিল মাস্ক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁদের বাইরে আনা হয়।

    এদিন ধৃতদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। সেখানে লুথরা ভাইদের গোয়ায় নিয়ে যেতে ট্রানজিট রিমান্ডের আর্জি জানায় পুলিশ। গোয়ার অঞ্জুনা থানায় তাঁদের নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলবে বলে জানা গিয়েছে। আজ বুধবার গোয়ার মাপুসা আদালতে ধৃতদের পেশ করা হতে পারে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন রমরমিয়ে চলছিল ওই নাইটক্লাবটি। ধৃতদের জেরা করে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এব্যাপারে গোয়ার বিজেপি সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধী শিবির। 

    গত ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ২৫ জনের। ঘটনায় নাইটক্লাবের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক গাফিলতির অভিযোগ ওঠে। অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যান দুই মালিক সৌরভ ও গৌরব। এরপর গোয়া পুলিশের আর্জির ভিত্তিতে ইন্টারপোলের তরফে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। ব্যাংককে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা সেখানকার পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ১১ ডিসেম্বর ফুকেতে তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গৌরব ও সৌরভকে এদিন দেশে ফেরানো হল। 
  • Link to this news (বর্তমান)