বাংলাদেশি বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে দুই বাঙালি মৎস্যজীবীর দেহ উদ্ধার, নিখোঁজ এখনও তিন
বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার ভোরে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় ডুবে যায় একটি ভারতীয় ট্রলার। শেষ পর্যন্ত ডুবে যাওয়া ওই ট্রলার থেকে উদ্ধার হল দুই বাঙালি মৎস্যজীবীর মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছেন তিন মৎস্যজীবী। তাঁদের খোঁজে সমুদ্রে তল্লাশি চলছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডুবে যাওয়া ওই ট্রলারটিকে নামখানার নারায়ণপুর খেয়াঘাটের কাছাকাছি টেনে নিয়ে আসা হয়। ওই ট্রলারের ভিতরে জমে থাকা জল পাম্পের মাধ্যমে বের করা হয়। তারপরই ট্রলার থেকে দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়।মৃত দুই মৎস্যজীবী হলেন, সঞ্জীব দাস ও রঞ্জন দাস। সঞ্জীব দাসের বাড়ি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকায়। রঞ্জন দাস পূর্ব বর্ধমানের পূর্বখালি দুরাজপুরের বাসিন্দা। মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার নামখানার খেয়াঘাট থেকে এফবি পারমিতা ১১ নামক একটি ট্রলারে করে ১৬ জন মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিলেন। সোমবার ভোরে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। এমনকি ওই ট্রলারের এক মৎস্যজীবীকে বল্লম ছুঁড়ে মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, বাকিদেরও প্রাণে মারার উদ্দেশ্য ছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর বলে দাবি মৎস্যজীবীদের।