কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা, মেক্সিকো থেকে ডি টেক প্রাণতোষের
বর্তমান | ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: প্রযুক্তির যুগে বিশ্বজোড়া আলোড়ন সৃষ্টি করেছে তথ্যপ্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই)। যার উপর নির্ভর করে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধনের পথ দেখাচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক প্রাণতোষ কুমার পাল। কয়েক বছর ধরে তিনি মেক্সিকোর অ্যাসটেকা বিশ্ববিদ্যালয় থেকে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা করেছেন। যার জন্য সম্প্রতি অ্যাসটেকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি হিসেবে ডক্টরেট অব টেকনোলজি (ডি টেক) ডিগ্রি পেয়েছেন। এতে উচ্ছ্বসিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপককে এজন্য বিভিন্ন বিভাগের তরফে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায় শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার নিয়ে আরও পদক্ষেপের প্রয়োজন সকলেই অনুধাবন করছেন। সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যেভাবে এ ব্যাপারে নিরলসভাবে কাজ করেছেন, তার জন্য আমরা গর্বিত।
প্রাণতোষ ২০১৬ সাল থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপনা করছেন। ২০২০ সালে তিনি মেক্সিকোর অ্যাসটেকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সুযোগ পান। প্রাণতোষ বলেন, ২০২১ সালে ফেলো অব অ্যাসটেকা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাওয়ার্ড পাই। যাঁরা পোস্ট ডক্টরেট রিসার্চ করেছেন, তাঁদের গবেষণাপত্রগুলিকে থিসিস ফর্মে তৈরি করা আমার কাজ ছিল। তার নিরিখে ২০২২ সালে ডিএসসি ডিগ্রি পাই ওই বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ইনফোরমেটিক্স অ্যান্ড ম্যানুয়াল নিয়ে ডি টেক করার সুযোগ মেলে।
জানা গিয়েছে, কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে সমস্যা ও সমাধান নিয়ে লেখা ৫০টি গবেষণাপত্র ম্যানুয়াল আকারে তৈরি করেছেন প্রাণতোষ। সেগুলিই তাঁর থিসিসে ছিল। যার ভিত্তিতে সম্প্রতি ডিটেক ডিগ্রি পেয়েছেন তিনি। প্রাণতোষের আশা, আগামী দিনে এই ম্যানুয়ালটি কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি, এআই ব্যবহার নিয়ে পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। নিজস্ব চিত্র