'এটা বাংলাদেশ না পাকিস্তান?' লগ্নজিতার গান থামানোয় বলল BJP
আজ তক | ২১ ডিসেম্বর ২০২৫
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণে শানিয়েছে বিজেপি। ভগবানপুর থানার ওসি শাহজাহান হক কী করছিলেন? প্রশ্ন শঙ্কুদেব পাণ্ডার। অভিযোগ, প্রথমে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। শুধু জিডি নেয়। এমনকি অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়টি ‘মিটিয়ে নেওয়ার’ জন্যও শিল্পীকে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি গেরুয়া শিবিরের। মেহবুব মোল্লার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ তুলেছে বিজেপি। সূত্রের খবর, যে স্কুলের মাঠে লগ্নজিতার অনুষ্ঠান হচ্ছিল, তারও মালিক এই মেহবুব।
শঙ্কুদেব পাণ্ডা আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটা বাংলাদেশ না পাকিস্তান? বাংলার একাংশ জিহাদিদের হাতে চলে গিয়েছে। থানাও অভিযোগ নেয়নি।'
‘ধর্ম ও ভয়ের রাজনীতি’
পদক্ষেপ নিতে জেলা পুলিশকে ২৪ ঘণ্টা এবং রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিজেপি। বৃহত্তর আন্দোলন ও আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিজেপির বক্তব্য, শুধু গান থামানো হয়েছে ভাবলে চলবে না। এটি শিল্পীর স্বাধীনতা ও বাংলার সংস্কৃতিতে ‘ধর্ম ও ভয়ের রাজনীতি’ চাপিয়ে দেওয়ার চেষ্টা।
পুলিশ কী বলছে?
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে জানান, ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত মেহবুব মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান গাইতেও কি ধর্মীয় ও রাজনৈতিক অনুমতি প্রয়োজন? জোর করে কি ‘ধর্মনিরপেক্ষতা’র সংজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে? এই ঘটনায় রাজ্যে শিল্পীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।