• নাম না-করে শুভেন্দুকে হুমকি তৃণমূল বিধায়কের
    এই সময় | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, কালনা ও পুরুলিয়া: নাম না–করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। হুঁশিয়ারির সুরে বলেছেন, বিধানসভায় বিজেপি নেতাকে যে ভাবে শিক্ষা দিয়েছিলেন, এই অঞ্চলের বিজেপি নেতা–কর্মীদের অবস্থাও তাই করে দেবেন। শনিবার পুরুলিয়ার বান্দোয়ানে একই সুরে ‘সার’–শুনানি নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনিও জানান, বিজেপি নেতা–কর্মীদের ডিএনএ টেস্ট করার সময় এসেছে।

    শনিবার পূর্বস্থলী স্টেশন লাগোয়া ব্যাঙকাটা মাঠে বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে জনসভা করে তৃণমূল। ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। বিধায়ক কখনও পদবি ধরে, কখনও বা অন্য ভাবেস্থানীয় ও রাজ্যের বিজেপি নেতাদের তীব্র আক্রমণ করেন। আগে একবার পূর্বস্থলীতে এসে জনসভায় শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের মেয়ের চাকরি, বিধায়কের কলকাতায় দু’টি ফ্ল্যাট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে বিধানসভা চত্বরে শুভেন্দুর মুখোমুখি হয়ে তপন সেই প্রসঙ্গ জানতে চেয়েছিলেন।

    এ দিন সেই প্রসঙ্গ টেনে তৃণমূল বিধায়ক বলেন, ‘একজন বলেছিল, আমার মেয়ে নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আমার কলকাতায় দু’টি ফ্ল্যাট আছে। ওর সঙ্গে দেখা হওয়ার পরে বলেছিলাম ফ্ল্যাটের চাবি দে। শুনে হকচকিয়ে গিয়েছিল। মেয়ের মাধ্যমিক থেকে ডবল মাস্টার ডিগ্রি, বিএড–এর শংসাপত্র যখন স্পিকারকে দেখালাম, তখন ওদের নেতা শঙ্কর ঘোষ জিভ কেটেছিল। বলেছিলাম যে দিন দেখা পাব, নেতাগিরি ছুটিয়ে দেব। ও আর জীবনে পূর্বস্থলী আসবে না। এখানকার বিজেপি নেতাদের অবস্থাও তাই করে দেব।’ সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। এ দিন সমস্ত মাইক খুলে সভার চারদিকে কাপড় দিয়ে ঘিরে সভা করা হয়।

    এ দিকে, রাজ্য জুড়ে চলতে থাকা ‘সার’–শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা নিয়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। বান্দোয়ান বিধানসভার অন্তর্গত মানবাজার-২ ব্লকের শুশুনিয়া গ্রামে প্রতিবাদ সভা হয়। কিছুটা দূরেই বসন্তপুরে পরিবর্তন সংকল্প সভা হয় বিজেপির।

    তৃণমূলের সভা থেকে বিরবাহা বলেন, ‘শুনানির নামে যারা সাধারণ মানুষদের নাজেহাল করছে, তাদের ডিএনএ টেস্ট করার সময় এসেছে। বিজেপি নেতারা আপনার বাড়ির দরজায় এলে লাইনে দাঁড় করিয়ে প্রশ্ন করুন, তাঁরা এই এলাকার বাসিন্দা কি না!’ তিনি এই বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার সবকটি আসনে জয়ী হওয়ার বার্তা দেন। ডিএনএ টেস্ট প্রসঙ্গে বিজেপি রাজ্য এসটি সেলের সম্পাদক পার্সি মুর্মু বলেন, ‘বারাবনীতে ৩৮৯ জন ভোটারের বাবা একজন। বালিতে ৩১০ জন ভোটারের বাবা একজন। শুনানিতে এই জালিয়াতি বেরিয়ে আসছে। তাই তৃণমূলের নেতানেত্রীদের গাত্রদাহ হচ্ছে।’

  • Link to this news (এই সময়)