স্কুলের পর উত্তরপ্রদেশের ৮০০ স্কিল সেন্টারে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
লখনউ: ছাত্র-ছাত্রীদের পড়ার অভ্যাস, চিন্তাভাবনার পরিসর বাড়াতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্রতিদিন স্কুলে সংবাদপত্র পাঠ আবশ্যিক করা হয়েছে। এনিয়ে গত ২৩ ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার রাজ্যের ৮০০টি স্কিল সেন্টারে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করা হল। এর জেরে রাজ্যের নানা প্রান্তে প্রশিক্ষণরত এক লক্ষেরও বেশি পড়ুয়ারা উপকৃত হবে। এনিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিরেক্টর পুলকিত খাড়ে।নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দৈনিক রুটিনে খবরের কাগজ পড়ার নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে। এর জেরে প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান বাড়বে। একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবে তারা। কোনো বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা ও নিখুঁতভাবে বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে। এনিয়ে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী কপিল দেব আগরওয়ালের বক্তব্য, ‘যুবসমাজের শুধুমাত্র প্রযুক্তিগতভাবে দক্ষ হলেই চলবে না। সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কেও ধারণা থাকতে হবে। নিয়মিত সংবাদপত্র পড়লে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে। এর জেরে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে।এক্ষেত্রে স্টেট স্কিল ডেভেলপমেন্ট ফান্ড, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা, প্রজেক্ট প্রবীণ সহ একাধিক স্কিমের অধীনে থাকা ক্লাসগুলিতে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। খবরের কাগজ পড়ার পরই ক্লাস শুরু হবে। নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলিকে কমপক্ষে একটি করে হিন্দি ও ইংরেজি সংবাদপত্র রাখতে হবে।