সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তের জয়গাঁয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠেনি। যার দরুন জয়গাঁর যাবতীয় ময়লা আবর্জনা স্থানীয় তোর্সা নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এলাকার এক যুবক সোশ্যাল মিডিয়ায় তোর্সা নদীতে ফেলা ওই বর্জ্যের ছবি পোস্ট করেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যা নিয়ে অস্বস্তিতে পড়ে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি (জেডিএ)। কারণ জয়গাঁ তাদের অধীনে।জয়গাঁর পশ্চিম প্রান্তে ভুটান থেকে তোর্সা নদী ভারতে নেমেছে। তোর্সার সেই অববাহিকায় দীর্ঘদিন ধরে এই বর্জ্য ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই বর্জ্যের কারণে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড হয়ে ওঠায় বর্ষায় তোর্সার গতিপথ ব্যাহত হচ্ছে। আগুন জ্বালিয়ে শুকনো বর্জ্য পোড়ানো হচ্ছে। এতে স্থানীয় পরিবেশ ও নদী মারাত্মক দূষিত হয়ে উঠেছে। ওই দূষণ ও বর্জ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক যুবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্রুত পদক্ষেপের কাতর অনুরোধ জানিয়েছেন।ভুটানের পাশে জয়গাঁ একটি কসমোপলিটন বা মিশ্র সংস্কৃতি এলাকা। জয়গাঁর জনসংখ্যা এখন ৮০ হাজারের কাছাকাছি। ফলে জয়গাঁকে পুরসভা করা হোক, এই দাবি অনেক দিনেরই। এদিকে, জেডিএর অধীন এই এলাকায় আজও এসডব্লুএম প্রকল্প গড়ে ওঠেনি। পুরসভাও হয়নি। স্বাভাবিভাবেই তোর্সার ওই বর্জ্য ও দূষণের ছবি ভাইরাল হতেই জেডিএ কর্তৃপক্ষ ও এলাকার বিজেপি বিধায়কের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।বিধায়ক বিশাল লামা বলেন, জেডিএর অপদার্থতার জন্য জয়গাঁয় এসডব্লুএম প্রকল্প গড়ে ওঠেনি। যার জেরে তোর্সায় বর্জ্যের পাহাড় জমছে। দূষিত হচ্ছে নদী। অথচ বিধায়ক হিসেবে আমাকেও কাজ করতে দেওয়া হচ্ছে না। আসন্ন বিধানসভা ভোটে বিজেপি যে তোর্সার বর্জ্য ও দূষণের বিষয়টিকে ইস্যু করবে তারও ইঙ্গিত মিলেছে বিজেপি বিধায়কের কথায়।যদিও জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, সোশ্যাল মিডিয়ায় তোর্সার বর্জ্য ও দূষণের ওই ছবি আমাদের স্নায়ুরচাপ বাড়িয়ে দিয়েছে। তবে জয়গাঁয় এসডব্লুএম প্রকল্প গড়ে তোলার জন্য নগরোন্নয়ন দপ্তরে অনেকদিন আগেই প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও অর্থ বরাদ্দ হয়নি। বরাদ্দ হলেই কাজ শুরু হবে। স্থানীয় গোবরজ্যোতি নদীর কাছে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য জমি চিহ্নিত করা আছে। • নদীতে ফেলা হচ্ছে বর্জ্য।