দুর্গাপুরে বেপরোয়া বাইক চালালে জরিমানা, বসছে বিশেষ ক্যামেরা
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আধুনিক শহর দুর্গাপুরের রাস্তা এখন বয়স্কদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আর্থিকভাবে সচ্ছল পরিবারের যুবকরা দামি বাইক কিনে শহরের রাস্তায় বেপরোয়া গতিতে ছোটাচ্ছে। যার জেরে রাস্তা পারাপার করতে বা হেঁটে যাতায়াতের সময় ভয়ে সিঁটিয়ে থাকেন অনেকে। এই হাইস্পিড বাইকের পিছনের উঁচু সিটে তরুণীদের বসিয়ে বাইককে কার্যত হেলিকপ্টার ভাবছে রোমিওরা। নিজেরা দুর্ঘটনার কবলে পড়ছে। অন্যদেরও মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। এছাড়াও কিছু যুবতীর দ্রুতগতিতে স্কুটি চালানোও সাধারণ মানুষের কাছে মৃত্যুভয় ডেকে আনছে।শহরের এই জ্বলন্ত সমস্যার ব্যাপারে জানে পুলিশ ও পুরসভাও। এই ঘটনায় লাগাম টানতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে তারা। জানা গিয়েছে, শহরের রাস্তায় এআই প্রযুক্তিযুক্ত ওভারস্পিড ভায়োলেটিং ডিটেকশন ক্যামেরা বসছে। এই ক্যামেরার প্রযুক্তি অত্যাধুনিক। বাইক অত্যন্ত দ্রুতগতিতে গেলেও তার নম্বরপ্লেট চিহ্নিত করে মালিকের কাছে জরিমানার চালান পাঠিয়ে দেবে। একবার চালান জেনারেট হয়ে গেলে পুলিশকর্তারাও তা বাতিল করতে পারবেন না। অর্থাৎ, কোনও রাজনৈতিক দাদা বা প্রভাবশালী ধরেও জরিমানা থেকে মুক্তি মিলবে না। এই অত্যাধুনিক ক্যামেরাই আধুনিক শহর দুর্গাপুর বসতে চলেছে।ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমূর্তি বলেন, অত্যধিক গতিতে শহরে কিছু বাইক, স্কুটি এমনকি গাড়ি যাতায়াত করছে। যা দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে তুলেছে। পাশাপাশি গাড়ির গতি বেশি থাকলে, তা পরিবেশ দূষণের মাত্রা বাড়ায়। এই সমস্যা নির্মুল করতে আধুনিক ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে ক্যামেরার মাধ্যমে সহজেই অভিযুক্ত চিহ্নিত হবে।দুর্গাপুর বা জেলার গাড়িচালকরা কলকাতার রাস্তায় উঠলেই বাড়তি সতর্ক হয়ে ওঠেন। তাঁদের মুখে একটাই কথা শোনা যায়, ওখানে দ্রুতগতিতে গাড়ি চালালেই জরিমানা দিতে হবে। সর্বোচ্চ কত গতিতে গাড়ি চলবে রাস্তার পাশে তা লেখা থাকে। সেই সীমা অতিক্রম করলেই অত্যাধুনিক ক্যামেরা নিয়মভঙ্গকারী গাড়ি চিহ্নিত করে নিজে থেকেই মালিকের নামে চালান ইস্যু করে দেবে। এই ব্যবস্থাই বসতে চলেছে দুর্গাপুরে।পুলিশ মহল সূত্রের খবর, এতে অনেক সুবিধা হবে। শহরের ট্রাফিক নিয়মভঙ্গকারীদের বড় অংশই কোনও রাজনৈতিক নেতা বা প্রভাবশালী যোগসূত্র ধরে জরিমানা এড়ানোর চেষ্টা করে। তাই পুলিশ বহু ক্ষেত্রেই জরিমানা কাটার আগে উপরতলার অনুরোধ চলে আসে। জরিমানা দিতে না হওয়ায় রোমিওরাও বেপরোয়া হয়ে যাচ্ছে। কিছু যুবকের এই প্রবণতা পুলিশকে আরও ভাবিয়ে তুলেছে।দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, শহরের এই সমস্যা দ্রুত মেটানো প্রয়োজন। পাশাপাশি শহরের রাস্তার উপর কিছু মানুষ অবৈধভাবে গাড়ি, বাইক পার্কিং করছে। যা যানজটের মূল কারণ। তা নিয়ন্ত্রণ করতে পুলিশকে আমরা ও এডিডিএ মিলে এক হাজার হুইল লক কিনে দেব। রাস্তার উপর গাড়ি, বাইক পার্কিং করলেই পুলিশ সেই যানবাহনের চাকা লক করে দেবে।