• পশ্চিম মেদিনীপুরে পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, চিন্তিত জেলা বিজেপি নেতৃত্ব
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিজেপির ‘পরিবর্তন সভা’গুলিতে কর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক সভায় ভিড় কম থাকায় বুথস্তরের সংগঠন কত মজবুত, তা নিয়ে চিন্তায় পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।দলীয় সূত্রে খবর, সামনে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন থাকায় কর্মী সংখ্যা ও সক্রিয়তা বাড়ানোই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ রফিক বলেন, পশ্চিম মেদিনীপুরের মানুষ বিজেপির সঙ্গে নেই। এই জেলায় বিজেপি কার্যত দেউলিয়া। যাঁরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, তাঁদের মানুষ প্রত্যাখ্যান করেছে। ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা। ওই তৃণমূল নেতার দাবি, উন্নয়ন ও সামাজিক স্থিতির প্রশ্নে মানুষ তৃণমূলের পাশেই থাকবেন।রাজনৈতিক মহলের মতে, সভায় ভিড়ের প্রশ্নে দুই দলের দাবি-পাল্টা দাবি চললেও বুথস্তরে সংগঠন মজবুত করা এখন সব দলের কাছেই অগ্রাধিকারের বিষয়। পশ্চিম মেদিনীপুরে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গো-হারা হারে বিজেপি। এরপর পুরসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেও গেরুয়া বাহিনী খারাপ ফল করে। এর ফলে নেতা-কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের লড়াইয়ে নামছে বিজেপি। কিন্তু বুথস্তরের সংগঠন নিয়ে নেতারা চিন্তিত। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সঙ্গে নেই। আমরা বিভিন্ন এলাকায় গেলেই মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বিজেপির সভায় সাধারণ মানুষের উপস্থিতি দিন দিন বাড়ছে।  মাঠে নামলে প্রকৃত ছবিটা স্পষ্ট হবে। আগামী দিনে পশ্চিম মেদিনীপুরে গেরুয়া সংগঠন আরও শক্তিশালী হবে।
  • Link to this news (বর্তমান)