সংবিধানের তোয়াক্কা না করেই বাংলায় মাইক্রো-অবজার্ভার নিয়োগ কমিশনের
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের নামে মানুষের প্রাণহানি এবং হয়রানির প্রতিবাদ জানাতে আজ, রবিবার দিল্লি রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন, ২ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। তার আগে জ্ঞানেশ কুমারকে আরও একটি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এসআইআর নিয়ে পাঁচটি চিঠি দিয়েছেন তিনি। ৬ নম্বর চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআরের জন্য বাংলায় নিয়ম বহির্ভূতভাবে মাইক্রো-অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তাও আবার বিজেপি শাসিত ত্রিপুরা থেকে আনা হয়েছে তাঁদের। এখন দেশের অন্য একাধিকরাজ্যে এসআইআর চললেও কোথাও এমন দৃষ্টান্ত নেই বলে চিঠিতে জানিয়েছেন মমতা।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, প্রচলিত আইন ও বিধির বাইরে গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হচ্ছে। যা গণতন্ত্র, মানবাধিকার ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কিন্তু কেন এমন অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী? তাঁর যুক্তি, প্রায় ৮,১০০ মাইক্রো-অবজার্ভার নিয়োগ করা হয়েছে বাংলায়, যা দেশের নির্বাচনি ইতিহাসে নজিরবিহীন। অথচ এই মাইক্রো-অবজার্ভারদের ভূমিকা, ক্ষমতা ও দায়িত্ব ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’ বা ‘রেজিস্ট্রেশন অব ইলেক্টরস রুলস, ১৯৬০’–এ কোথাও নির্ধারিত নয়। অর্থাৎ এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের ৩২৭ ও ৩২৮ অনুচ্ছেদের পরিপন্থী।চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণের ইঙ্গিত দিয়ে শুধুমাত্র বাংলাতেই মাইক্রো-অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ভিন রাজ্যের কয়েকজন আইএএস অফিসারকে অবজার্ভার নিয়োগ করে মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর থেকে ইসিআই-এর পোর্টালের উপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের নামে তথ্য বিকৃতি ঘটিয়ে বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। একটি সর্বভারতীয় আইন ও বিধির আওতায় চলা এসআইআর বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করা হলে নির্বাচনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ণ হয় বলে তোপ দেগেছেন তিনি। তাই জনগণের আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে এই বিষয়গুলিতে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। কারণ, তাঁর মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে তা দেশের গণতান্ত্রিক কাঠামোই বিপদগ্রস্ত হয়ে পড়বে। শনিবারের চিঠিতে এসআইআর পর্বে নির্বাচন কমিশনের গাফিলতিতে ১৪০ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন মমতা। ২ ফেব্রুয়ারি এসব ইস্যুকে কেন্দ্র করেই মমতা দিল্লিতে ঝড় তুলতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।