• নিউজিল্যান্ডে কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার চক্র ফাঁস, ধৃত তিন
    বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিউজিল্যান্ডে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। এই অভিযোগে পরপর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারিতদের থেকে কয়েক লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত বলে দাবি পুলিশের। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই। তিনি বলেন, ‘আপাতত এই মামলায় ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। উস্তি থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে পুলিশ শিরাকোলের  রাজারহাট মোল্লারপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। পাসপোর্টগুলি ধৃতদের বাড়ি ও গাড়ির বনেটে লুকিয়ে রাখা হয়েছিল।’পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জানুয়ারি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা জনৈক ফারুখ মণ্ডল উস্তি থানায় জানান, তাঁকে নিউজিল্যান্ডে কাজ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নিয়েছে তিন যুবক। এমনকি, তাঁর পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছে তারা। এদিকে, যে ভিসা তাঁকে দেওয়া হয়েছে, সেটি ভুয়ো। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি বারবার ওই যুবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ফারুখ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তারা জানতে পারে, শুধু একজন নয়, এই কায়দায় প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। তাঁদের কাউকে দু’লক্ষ, কাউকে তিন লক্ষ টাকা দিতে বলা হয়েছিল। গত ২৫ জানুয়ারি প্রথমে গোলাম মোস্তফা শেখ নামে ওই প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে রামিজউদ্দিন শেখ ও আফ্রিদি শেখ নামে আরও দু’জনের খোঁজ পান তদন্তকারীরা। তাদেরও ধরা হয়েছে। কিন্তু এখনো এই চক্রের সঙ্গে জড়িত অনেকে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।এদিকে, ধৃত তিনজনেরই বিলাসবহুল বাড়ি রয়েছে। আছে গাড়িও। মানুষের সঙ্গে প্রতারণা করেই তাদের এই বিলাস-বৈভব কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যে দু’টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। প্রসঙ্গত, সাত-আট মাস আগে একই কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে প্রতারিতের সংখ্যা ছিল প্রায় ১০০।
  • Link to this news (বর্তমান)