ব্যাঙ্কশালে ৪র্থ বিশেষ আদালতে কর্মীর সংখ্যা এক, নেই বিচারক
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কশালের চতুর্থ বিশেষ আদালতে কর্মীর সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। বর্তমানে সেখানে রয়েছেন মাত্র একজন কর্মচারী। তারওপর গত একমাস ধরে ওই আদালত বিচারকশূন্য অবস্থায় পড়ে রয়েছে। আদালতে চলা বিভিন্ন ‘ঘুষ’ সংক্রান্ত মামলার শুনানি থমকে রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই কোর্টটিতে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ব্যাঙ্কশালের পঞ্চম বিশেষ আদালতের বিচারক লীনা গোলদার। এই আদালতের আইনজীবীদের একাংশ জানান, একটি আদালত সুষ্ঠুভাবে চলার জন্য দরকার হয় অন্তত ৪‑৫ জন কর্মী। সেই তালিকায় থাকে বেঞ্চ ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিওন প্রভৃতি। কিন্তু দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ এজলাসটিতে কর্মীর সংখ্যা কমতে কমতে পরিস্থিতি সঙ্গীন আকার নিয়েছে। আদালত প্রশাসনের তরফে ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে কিছু ইতিবাচক ভূমিকা নেওয়ার কথা বললেও বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ফলে ‘শম্বুক’ গতিতে চলছে এই আদালতের যাবতীয় কাজকর্ম। বর্তমানে শহরের এই গুরুত্বপূর্ণ আদালতটিতে একাধিক ‘ঘুষ’ সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই আদালতের আইনজীবী সংগঠন অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর মুখোপাধ্যায় শনিবার বলেন, ‘একদিকে, কর্মীর অভাব, অন্যদিকে বর্তমানে ওই এজলাসটিতে স্থায়ী বিচারক না থাকার কারণে ‘ঘুষ’ সংক্রান্ত বিভিন্ন মামলার সাক্ষ্যগ্রহণপর্ব থমকে রয়েছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই কথা বলব।’