কেন্দ্রীয় বাজেটে কাজু, নারকেল নিয়ে বিশেষ ঘোষণা, কিন্তু কোথায় চা শিল্প? ক্ষুব্ধ উত্তরবঙ্গ
বর্তমান | ০১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনধি, জলপাইগুড়ি: বাজেট ঘোষণা পর্ব শেষ। কিন্তু রাজ্য কী পেল আর কী পেল না তা নিয়ে শুরু হয়েছে তরজা। কেন্দ্রের বাজেটে কার্যত নিরাশ রাজ্যবাসী। এর আগে ভোট পূর্ববর্তী বাজেটে কেন্দ্র বিহারের ঝুলি ভরিয়ে দিয়েছিল। স্বভাবতই বাংলার নির্বাচনের আগেও বিশেষ আর্থিক প্যাকেজ পাওয়ার আশায় ছিল রাজ্যবাসী। কিন্তু বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী পণ্য পরিবহণে পরিকাঠামো উন্নয়ন ছাড়া আর বিশেষ কিছু ঘোষণা করেননি বাংলার জন্য। এক কথায় কেন্দ্রের কাছে ফের ব্রাত্য বাংলা। রেল করিডর ছাড়াও রাজ্যের বেশ কিছু ক্ষেত্রেই কেন্দ্রের নজর দেওয়া উচিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার মধ্যে আলোচ্য, রাজ্যের কৃষি প্যাকেজ। বাজেটে অন্যান্য রাজ্যের কাজু, নারকেল চাষ প্রসঙ্গ নিয়ে উল্লেখ থাকলেও উত্তরবঙ্গের চা শিল্প বাঁচাতে বাজেটে নেই কোনও উল্লেখ। এতে চরম ক্ষুব্ধ চা শিল্প মহল। ভারতের ৩৫ শতাংশ চা উত্তরবঙ্গে উত্পাদন হয়। কিন্তু সেই চা শিল্পের পুনর্গঠনের জন্য কেন্দ্রের কোনও ঘোষণা নেই। উত্তরবঙ্গের চা বাগান মালিকরা অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘ ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। ফলে ইউরোপে অনেক বেশি চা রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কেন্দ্রের উচিত ছিল, চা শিল্পের দিকে তাকানো, ভর্তুকি দেওয়া। কিন্তু বুড়ো আঙ্গুল দেখাল কেন্দ্র। ফলে বুঝে নেওয়া যায় চা শিল্পকে উপেক্ষিত করছে মোদি সরকার।’ এছাড়াও, উত্তরবঙ্গে এইমস নিয়ে বিজেপি নেতারা বিভিন্ন সভায় প্রচার করলেও বাজেটে তার কোনও ঘোষণা নেই, গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন উত্তরের আমজনতা। এমনকি, কেন্দ্রীয় বাজেটে পর্যটন শিল্প, বন্যা ও ধস নিয়ন্ত্রণ বিষয়কও কোনও প্যাকেজ নেই। স্বাস্থ্য ক্ষেত্রেও নিষ্ফলা। ভোটের মুখে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ উত্তরবঙ্গের ব্যবসায়ী থেকে শিল্পপতিরা। বাজেটে যে মুখ পুড়েছে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের তা শরীরী ভাষাতেই স্পষ্ট। এখন ড্যামেজ কন্ট্রোলে মরিয়া উত্তরের বিজেপির জনপ্রতিনিধিরা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘টি বোর্ডের মাধ্যমে চা বাগানের উন্নয়নে যা করার করছে কেন্দ্রীয় সরকার’। উত্তরবঙ্গে এইমস নিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা এইমস চাই। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, উত্তরে এইমস হবে। আমরা বিষয়টা নিয়ে কেন্দ্রের কাছে জানাব।’