• জোর পর্যটনে, খরচ কমছে বিদেশভ্রমণে, উত্তরপূর্বে বৌদ্ধ সার্কিট,১৫টি নয়া হেরিটেজ সাইট
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: এবারের বাজেটে পর্যটনের উন্নয়নে একগুচছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরমধ্যে রয়েছে হেরিটেজ সংরক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ম্যাপিং ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্প। বেশ কয়েকটি রাজ্যে পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়, কচ্ছপের প্রজনন স্থল ও পাখিরালয়ের উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। পাশাপাশি, বিদেশভ্রমণেও খরচ কমছে।সীতারামন জানিয়েছে, পর্যটনে হেরিজেট সাইটগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য লোথাল, ধোলাভিরা, রাখিগারি, সারনাথ, হস্তিনাপুর, লে প্যালেসের মতো ১৫টি প্রত্নতাত্ত্বিক স্থানকে চিহ্নিত করেছে সরকার।উত্তরপূর্বের পর্যটনকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য অরুণাচল প্রদেশ, সিকিম, অসম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার মধ্যে বৌদ্ধ সার্কিট তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্র। এছাড়া, দুর্গাপুরকে সামনে রেখে একটি ইন্টিগ্রেটেড ইস্টকোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। এরমাধ্যমে পূর্বের পাঁচটি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে একসূত্রে বাঁধতে চাইছে কেন্দ্র। এজন্য ৪ হাজার ই-বাসও নামানো হবে।এদিন নির্মলা বলেছেন, কর্মসংস্থান তৈরিতে পর্যটন অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে। তাই ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনলজিকে আরও উন্নত করা হবে। সেজন্য গঠিত হবে ন্যাশনাল ইনস্টিটিউট অব হসপিটালিটি। প্রস্তাবিত এই প্রতিষ্ঠান পর্যটন সংক্রান্ত পঠনপাঠন, শিল্প ও সরকারের মধ্যে সেতুর কাজ করবে। নির্মলা জানিয়েছেন, পর্যটন ক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশের ২০টি জনপ্রিয় কেন্দ্রের জন্য ১০ হাজার টুরিস্ট গাইড এই প্রশিক্ষণ পাবেন। হাইব্রিড মডেলে ১২ সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি।অর্থমন্ত্রী জানিয়েছেন, এবছরই প্রথমবার গ্লোবাল বিগ ক্যাট সামিট আয়োজন করতে চলেছে ভারত। সংশ্লিষ্ট মহলের মতে, মোদি জমানায় দেশে চিতার সংখ্যা বাড়াতে বিশেষ জোর দেওয়া হয়েছে। উল্লিখিত সম্মেলন সেই সংক্রান্ত প্রকল্পকে গতি দেবে। একইসঙ্গে মেডিকেল টুরিজমকে অক্সিজেন যোগাতে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পাঁচটি মেডিকেল হাব তৈরির প্রস্তাব দিয়েছেন নির্মলা।
  • Link to this news (বর্তমান)