সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: নতুন অর্থবর্ষের বাজেটে তেমন কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পে উল্লেখযোগ্য বরাদ্দই হল না। গরিবদের জন্য রেশন খাতে বরাদ্দ গতবারের চেয়ে কমিয়ে দেওয়া হল ৩২৪ কোটি টাকা। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় ভরতুকি কমিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ধীরে ধীরে ‘ফ্রি’ রেশন তুলে দিতে চাইছে মোদি সরকার? নাহলে গতবার যেখানে পিএমজিকেএইওয়াই প্রকল্পে ভরতুকি বাবদ খরচ করা হয়েছিল ২ লক্ষ ২৭ হাজার ৭৫৩ কোটি টাকা, ২০২৬-২৭ অর্থবর্ষে তা ২ লক্ষ ২৭ হাজার ৪২৯ কোটি টাকা।জাতীয় খাদ্য সুরক্ষা আইনে খাদ্যশস্য দেওয়ার জন্য রাজ্যগুলিকে সহায়তা, রেশন দোকানদারদের মার্জিন সহ যে বরাদ্দ, সেটিও কমিয়ে দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে মিলেছিল ৭ হাজার ৭৫ কোটি টাকা। এবার তা সাড়ে ছ’ হাজার কোটি। অর্থাৎ ৫৭৫ কোটি টাকা কম। ফলে গণবণ্টন ব্যবস্থায় ভরতুকি কি ক্রমশ তুলে দেওয়ার পথে কেন্দ্র? রবিবার সংসদে পেশ প্রস্তাবিত বাজেটে সেই প্রশ্নই উঠছে।মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মনরেগার বরাদ্দ স্বাভাবিকভাবেই এক ধাক্কায় ৮৮ হাজার কোটি থেকে কমিয়ে ৩০ হাজার কোটি টাকা করে দেওয়া হয়েছে। তবে মোদির পছন্দের ভিবি-জি রাম জি আইন চালু রাখতে বরাদ্দ হল ৯৫ হাজার ৬৯২ কোটি টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং এই বরাদ্দকে ঐতিহাসিক বলেই বর্ণনা করেছেন। বলেছেন, এবার নতুন আইনে অনেক বেশি গ্রামোন্নয়ন হবে। তবে সংসদে পেশ করা সরকারি নথি বলছে, স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রীস্বাস্থ্য সুরক্ষা যোজনায় (যার মধ্যে কল্যাণী সহ দেশের নানা এইমস হাসপাতাল রয়েছে) বরাদ্দ কমে গিয়েছে। গতবারের চেয়ে ১৯৫ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে।