নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এইমস নিয়ে বাজেটে ঘোষণা কোথায়? তাহলে সবটাই কি ভাঁওতাবাজি! উত্তরের আমজনতার প্রশ্নে কার্যত মুখ চুন বিজেপি নেতাদের। বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোট এগিয়ে আসতেই পদ্ম শিবিরের নেতারা উত্তরবঙ্গের মানুষকে এইমস নিয়ে ফের ‘স্বপ্ন’ দেখাতে শুরু করেছিলেন। উত্তরের মাটিতে এইমস হবে বলে বিভিন্ন মিটিং-মিছিলে দাবি করছিলেন পদ্ম পার্টির নেতারা। বাজেটের ২৪ ঘণ্টা আগে শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গে এইমস নিয়ে আশা জাগান খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু রবিবার কেন্দ্রীয় বাজেটে এনিয়ে কোনও ঘোষণা না থাকায় চরম ক্ষুব্ধ উত্তরের বাসিন্দারা। একইসঙ্গে যার পরনাই হতাশ তাঁরা। উত্তরবঙ্গ থেকে বিজেপির এতজন সাংসদ থাকা সত্ত্বেও কেন এখানে এইমস হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের বক্তব্য, উত্তরবঙ্গে এইমস যদি নাই হবে, তাহলে ভোটের বাজারে বিজেপি নেতারা এ নিয়ে শুকনো প্রতিশ্রুতি দিচ্ছিলেন কেন? বাজেটের পর কেন চুপসে গেলেন তাঁরা?জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের অবশ্য সাফাই, আসলে রাজ্য সরকার না বদলালে বাংলায় উন্নয়নের কাজ করতে পারছে না কেন্দ্রীয় সরকার। রাজ্যে সরকার বদলাক। নিশ্চয়ই উত্তরবঙ্গে এইমস হবে।পদ্ম পার্টির আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বক্তব্য, এটা ঠিক, আমরা চাই উত্তরবঙ্গে এইমস হোক। বাজেটে ঘোষণা হয়নি তো কী হয়েছে! আমরা কেন্দ্রের কাছে এনিয়ে দরবার করব। দলগতভাবেও এই দাবি যথাস্থানে জানানো হবে।তবে গেরুয়া শিবিরের জনপ্রতিনিধিরা যাই বলুন না কেন, বিজেপির শুকনো প্রতিশ্রুতিতে আর ভুলতে নারাজ উত্তরের বাসিন্দারা। জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, ভোট এলেই বিজেপির উত্তরবঙ্গে এইমসের কথা মনে পড়ে। ভোট ফুরালে আবার তা ভুলে যায় তারা।বাজেটে উত্তরবঙ্গের জন্য এইমসের ঘোষণা না থাকায় হতাশ জলপাইগুড়ির দেশবন্ধুনগর আর আর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা রায় সান্যাল। বললেন, উত্তরবঙ্গে এইমস খুবই জরুরি। এটা নিয়ে অনেকদিন ধরে নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু হচ্ছে কোথায়! যদি নাই হবে, তাহলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কেন?বণিকসভা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উত্তরবঙ্গের প্রাক্তন চেয়ারম্যান প্রবীর শীলের বক্তব্য, এবারের কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গ চরম বঞ্চিত। এইমস নিয়ে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। উত্তরের যে জেলাতেই হোক না কেন, এখানে এইমসের মতো হাসপাতালের ভীষণ প্রয়োজন। মনে করা হয়েছিল, এবারের বাজেটে উত্তরবঙ্গে এবিষয়ে ঘোষণা থাকবে। কিন্তু তা না হওয়ায় হতাশ হতে হল।রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের তোপ, এইমস নিয়ে বিজেপি নেতারা শুকনো আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন। বাজেটে ঘোষণা হল না কেন? পাহাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি কোথায় গেল? সবটাই ওদের ভাঁওতাবাজি।