• তিন বছর পর বিশ্বভারতীতে ফের সমাবর্তনের প্রস্তুতি শুরু
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: প্রায় তিন বছর পর ফের সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে বিভিন্ন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সম্মতি জানতে একটি গুগল ফর্ম প্রকাশ করা হয়েছে। শনিবার থেকেই তা বিভিন্ন শিক্ষার্থীকে পাঠানো শুরু হয়েছে বলে জানা যায়। ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, বিশ্ববিদ্যালয় সূত্রে এই ইঙ্গিত মিলেছিল। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই শীতকালীন আবহাওয়ায় এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, বিশ্বভারতীতে শেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। এরপর ২০২৩–২০২৪ ও ২০২৫-এই দু’বছরে কোনও সমাবর্তন অনুষ্ঠান হয়নি। অথচ এই সময়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও  গবেষণার ডিগ্রি অর্জন করেছেন। সমাবর্তন না হওয়ায় শংসাপত্র হাতে না পেয়ে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ২০২৬ সালে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।ওই গুগল ফর্মে শিক্ষার্থীদের পরিচয় সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিষয়, কোন সাল ও মাসে উত্তীর্ণ হয়েছেন, তার বিবরণ দিতে বলা হয়েছে। পাশাপাশি শেষ পরীক্ষার মার্কশিট ও একটি ছবি আপলোড করাও বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ওই ফর্ম পূরণ করার শেষ দিন। সমাবর্তনের চূড়ান্ত তারিখ পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ওই ফর্মে। সমাবর্তনের সুষ্ঠু আয়োজনের জন্য আগাম এই তথ্য সংগ্রহ করা হচ্ছে এমনটাই জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্রে।অন্যদিকে, জাতীয় পরিবেশ আদালতে বিশ্বভারতী ও তৎসংলগ্ন এলাকার কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন সংক্রান্ত মামলা চলছে। এই প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বোলপুর পুরসভার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সম্ভাব্য প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ওই বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা সহ একাধিক পরিকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানের পরিদর্শক, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে যে কেউ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। তবে, প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে ইঙ্গিত মিলছে, যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, আমরা সমাবর্তনের প্রস্তুতি শুরু করেছি। এখনও দিন ঠিক হয়নি।  আশা করছি এবার উপাচার্যের উপস্থিতিতে সমাবর্তন হবে। তবে, তাঁর দপ্তর থেকে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি।
  • Link to this news (বর্তমান)