• কোলিয়ারির জলে ডুবছে জাতীয় সড়ক, শিল্পাঞ্চলের রাস্তা মরণফাঁদ
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ১৯ নম্বর জাতীয় সড়ক। কলকাতা ও দিল্লির সংযোগকারী এই রাস্তা এখন জল থৈ থৈ। বেশ কয়েকমাস ধরে কোনও বৃষ্টি নেই। তা হলে কেন এই জলমগ্ন অবস্থা? উৎস দেখে মাথায় হাত প্রশাসনের। জানা গিয়েছে, নিঘা কোলিয়ারির পরিত্যক্ত জল বইছে জাতীয় সড়কের উপর দিয়ে। ফলে ফলে কোথাও কোথাও ভেঙে চৌচির। একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। জামুড়িয়া থানার শ্রীপুর মোড় সংলগ্ন এলাকায় এমন অসময়ে জলযন্ত্রণা নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। জাতীয় সড়কের উপর বইতে থাকা জলস্রোত নিয়ন্ত্রণ করা নিয়ে দুই কেন্দ্রীয় সংস্থা ইসিএল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের টানাপোড়েন তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করেছে ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।১৯ নম্বর জাতীয় সড়কটি শিল্পাঞ্চলে ছ’লেনের। তিনটি লেন কলকাতা অভিমুখে, তিনটি লেন ধানবাদ অভিমুখে গিয়েছে। কলকাতা অভিমুখে যাওয়া তিনটি লেন জামুড়িয়া এলাকায়  এক লেনের রূপ দিয়েছে। তার কারণ জাতীয় সড়কের দুটি লেনই ডুবে থাকছে কোলিয়ারির জলে। দীর্ঘদিন রাস্তা উপর দিয়ে জল দাঁড়িয়ে থাকার জন্য রাস্তার  উপর খানাখন্দ তৈরি হয়েছে। এতে মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে বাইক ও সাই঩কেল আরোহীদের কাছে মৃত্যুফাঁদের রূপ নিয়েছে। কয়েকদিন আগেই জামুড়িয়ার শ্রীপুর গ্রামের বাসিন্দা ধীরেন বাউরি ওই রাস্তা দিয়ে সাইকেলে করে নাইট ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী রাস্তা পার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ব্রেন হেমারেজ হয় ধীরেনবাবু। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে।নিঘা কোলিয়ারি গ্রুপ অফ মা‌঩‌ই঩নসের আধিকারিকদের দাবি, ভূগর্ভস্থ কয়লা খনির জলই পাম্প করে তুলে ফেলা হয়। একশো বছরের বেশি সময় ধরে জল এভাবেই যাচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা পাশে থাকা নিকাশি নালা সংস্কার না করার জন্যই এই ঘটনা। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষর দাবি, জাতীয় সড়কের নিকাশি নালা বর্ষায় রাস্তা উপর থাকা জল নিষ্কাশন করার জন্য। কোলিয়ারির বিপুল জল নিষ্কাশন তা দিয়ে সম্ভব নয়। এই টানাপোড়েনের জেরেই সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে, অসাধু ব্যবসায়ীরা এর থেকে কারবারও করে নিচ্ছে। দেখা গিয়েছে, ওই এলাকায় কিছু  গাড়ি ধোয়ার গ্যারেজ গজিয়ে উঠেছে। তারা সেই জল নিকাশি নালা আটকে সংগ্রহ করছে। তা দিয়েই গাড়ি ধোয়া হচেছ। তাও নিকাশি বিপর্যয়ের অন্যতম কারণ। সবপক্ষকে নিয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) ভিজি সতীশ পশুমূর্তি বৈঠক করেছেন। দ্রুত সমস্যা মেটাতে সবপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় সড়কের উপর থাকা বিপুল পরিমাণ জল সমস্যা সৃষ্টি করছে। সমস্যা মেটাতে সর্বপক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে।ইসিএলের নিঘা কোলিয়ারি গ্রুপ অফ মাইনসের এজেন্ট বিজয়কুমার ঠাকুর বলেন, নিকাশি নালাতে আবর্জনা জমে তা বুজে গেলেই সমস্যা হচ্ছে। সেই সমস্যা মেটাতেই আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষর সঙ্গে একযোগে কাজ শুরু করেছি।তৃণমূল জেলা সহসভাপতি সাধন রায় বলেন, ইসিএল কর্তৃপক্ষ ও এনএইচএআই দুই কেন্দ্রীয় সংস্থার উদাসীনতায় জামুড়িয়ার মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা পুরসভাকে নিয়ে সাময়িক সংস্কার করাচ্ছি। কেন্দ্রীয় সংস্থা সমস্যার স্থায়ী সমাধান না করলে আন্দোলন শুরু হবে।
  • Link to this news (বর্তমান)