• পাঁশকুড়া-দীঘা লাইনে দু’ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তি
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘাগামী রেলের ওভারহেড তারে কাঁচা বাঁশ পড়ে দু’ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল। রবিবার পাঁশকুড়া-দীঘা লাইনে বাদলপুর ও রামনগর স্টেশনের মাঝে ওই ঘটনায় দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস, মেচেদা-দীঘা লোকাল ও পাঁশকুড়া-দীঘা স্পেশাল, আসানসোল-দীঘা ট্রেন বিভিন্ন স্টেশনে ঠায় দাঁড়িয়ে থাকে। রবিবার দীঘাগামী প্রতিটি ট্রেনে যাত্রী সংখ্যাও বেশ ভাল ছিল। ওই ঘটনার জেরে যাত্রীরা চূড়ান্ত নাকাল হন। সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। পরে সকাল ১০টা ৫৮মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রবিবার সকালে বাদলপুর ও রামনগর স্টেশনের মাঝে আপলাইনে ওভারহেড তারের উপর একটি কাঁচা বাঁশ পড়ে যায়। সঙ্গে সঙ্গে কাঁথি থেকে দীঘা ওভারহেড লাইন বিদ্যুৎহীন হয়ে যায়। ফলে ওই এলাকায় ৮৩নম্বর গেটের কাছে দাঁড়িয়ে পড়ে পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেন। এছাড়া, কাঁথি স্টেশনে দাঁড়িয়ে আটকে পড়ে হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। দীঘাগামী ওই এক্সপ্রেসে বেশ ভিড় ছিল। তাছাড়া, ট্রেনটি ঠিক সময়মতো চলছিল। তাম্রলিপ্ত এক্সপ্রেসের পিছনে থাকা মেচেদা-দীঘা লোকাল দেশপ্রাণ স্টেশনে দাঁড়িয়ে পড়ে। নন্দকুমার স্টেশনে দাঁড়িয়ে যায় আসানসোল-দীঘা এক্সপ্রেস। সকাল ৯টা থেকে দু’ঘণ্টা এভাবে দীঘাগামী তিনটি ট্রেন বিভিন্ন জায়গায় আটকে যায়। সকাল ১১টা নাগাদ ওভারহেড তার থেকে কাঁচা বাঁশ সরানো হয়। তারপর ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেন ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। এই বিভ্রাটের জেরে ডাউন লাইনে দু’-আড়াই ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ে। পাঁশকুড়া-দীঘা স্পেশাল আড়াই ঘণ্টা দেরিতে পাঁশকুড়ায় ফেরে। একইভাবে ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল সাড়ে ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় দীঘা থেকে হাওড়ার উদ্দেশে ছাড়ে। রবিবার আসানসোল-দীঘা, সাঁতরাগাছি-দীঘা স্পেশাল চলে। ওই দু’টি ট্রেনও দেরিতে পৌঁছায়। দীঘাগামী ট্রেন ব্যাহত হওয়ার ফিরতি সবক’টি ট্রেন দেরিতে ছাড়ে। পাঁশকুড়া-দীঘা লাইনের ডিভিশনাল ট্রাফিক ইনসপেক্টর বলেন, ওভারহেড তারে বাঁশ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়। ট্রেন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে বাঁশ সরিয়ে সংযোগ স্বাভাবিক করা হয়।
  • Link to this news (বর্তমান)