• বুক মার্ক, গয়না থেকে বাঁকুড়ার পোড়ামাটির মূর্তি, বইমেলার বাইরে বসেছে আর এক মেলা
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বইমেলার ৯ নম্বর গেটের বাইরে আর এক জমজমাট আড্ডাস্থল। সেখানে তুলনামূলক কম দামে মিলছে চা, এগরোল। সিগারেট সেবনেও বাধা নেই। অনেকে ঠাট্টা করে বলছেন, এটাই নাকি মেলায় এসে পরনিন্দা-পরচর্চার পীঠস্থান! তবে এখানেই শেষ নয়! বইমেলার বাইরে বসেছে আর এক মেলা! কার পার্কিংয়ের সামনের ফুটপাতে বসা সেই মেলাও জমজমাট। হরেক রকম বুক মার্ক থেকে শুরু করে গলার হার, কানের দুল, হরেক জাঙ্ক জুয়েলারি,  চাবির রিং, পোস্টার, আতর, এমনকি সস্তায় বইও পাওয়া যাচ্ছে সেখানে। ভিড় হচ্ছে যথারীতি।মূল বইমেলায়ও বই ছাড়া নানা জিনিসপত্র পাওয়া যায়। ব্যাগ, কালি-কলম, টি-শার্ট থেকে আরও কত কী! এ বছর যেমন কমেডিয়ান কুণাল কামরার সেই ‘ভাইরাল’ টি-শার্ট ঢেলে বিকোচ্ছে। দাম ৩০০ টাকা। আর বইমেলার বাইরের মেলায় কেউ ঝুড়িতে এনেছেন বাঁকুড়ার পোড়া মাটির দুর্গা-গণেণের মূর্তি, কেউ সাজিয়ে বসেছেন রকমারি পোস্টার। পোড়া মাটির মূর্তি শিল্পী নির্মল পাল নিজেই এসেছেন। তবে তিনি রীতিমতো বিরক্ত। বললেন, ‘আজই প্রথম এলাম। তবে আর আসব না। এত ভারি জিনিস নিয়ে একবার ওখানে, একবার সেখানে যাওয়া যায় না। সব জিনিস নষ্ট হয়ে যাবে।’ এই শিল্পীদের সমস্যার শেষ নেই! তাঁদের মধ্যে কেউ নিজেই আঁকেন। কেউ হার-দুল তৈরি করেন। কেউ আবার পোস্টার তৈরি করেন। বইমেলা চত্বরে এঁদের ঠাঁই হয়নি! তাই নিজেরা নিজেদের জায়গা খুঁজে নিয়েছেন। ক্ষোভ রয়েছে। কিন্তু দম ফেলার ফুরসত নেই। কারণ, ক্রেতাদের ভিড় লেগে রয়েছে। আকর্ষণীয় ফ্রিজ ম্যাগনেট থেকে দুনিয়া কাঁপানো সিনেমা বা বৈপ্লবিক স্লোগানের পোস্টারের পসরা সাজানো পরপর। অনেকেই মেলা চত্বরে এই ধরনের বিক্রেতাদের খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন। অবশেষে পার্কিংয়ের সামনে এসে খুঁজে পেয়েছেন কাঙ্ক্ষিত সামগ্রী বা দু’বছর আগে মেলায় আলাপ হওয়া কোনো বিক্রেতাকে।বইমেলার বাইরে এভাবে মেলা সাজিয়ে বসেছেন যাঁরা, তাঁদের আক্ষেপ, ‘ভিতরে আমরা বসার জায়গা পাই না। কিন্তু এমন বহু স্টল থাকে, যেখানে বই ছাড়া অন্য কিছু বিক্রি হয়’ এই সব তর্ক-বিতর্কের মধ্যেও বেচা-কেনা চলছে। ফুটপাতের এই মেলা সমানভাবে আকর্ষণ করছে বইপ্রেমীদের। তাই বইমেলায় ঢোকার আগে বা বাড়ি ফেরার মুখে এখানে ঢুঁ মারতে ভুলছেন না কেউ। বইপ্রেমীদের একাংশ দাবি তুলেছেন, এই ধরনের দোকানপাট তো বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গই। এঁদেরও মূল মেলাতেই বসার ব্যবস্থা হোক।
  • Link to this news (বর্তমান)