সংবাদদাতা, কাকদ্বীপ: এবছর কুম্ভ মেলা না থাকায়, গঙ্গাসাগর মেলার মতো মাঘী পূর্ণিমাতেও পড়ল তার প্রভাব। রবিবার সকালে পুণ্যলাভের আশায় কয়েক লক্ষ পুণ্যার্থী ডুব দিলেন গঙ্গায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। শনিবার বিকেল পর্যন্ত প্রায় তিন লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছিলেন। সন্ধ্যা থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। এদিন পুণ্যার্থীদের মুড়িগঙ্গা নদী পারাপার করার জন্য প্রায় সারা রাত ভেসেল চালাতে হয়। এমনকি পুণ্যার্থীদের ভিড় থাকায়, এলসিটি ঘাট থেকে বার্জে করেও তাঁদের পারাপার করতে হয়েছে।এবিষয়ে সাগরের এক ব্যবসায়ী রমেন মাইতি বলেন, গত বছর কুম্ভ মেলা থাকার কারণে মাঘী পূর্ণিমার দিন এত ভিড় ছিল না। কারণ রাজ্য থেকে প্রচুর পুণ্যার্থী কুম্ভ মেলায় গিয়েছিলেন। মূলত এই তিথিতে ভিনরাজ্যের পাশাপাশি এই রাজ্যের প্রচুর ভক্ত পুণ্য স্নান করতে আসেন। গত বছর কুম্ভ মেলা থাকার কারণে স্থানীয়দের সংখ্যা খুবই কম ছিল।সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় চার লক্ষ পুণ্যার্থী এসেছেন। তাঁদের যাওয়া-আসা ও থাকার ব্যাপারে কোনো সমস্যা হয়নি। বিভিন্ন সংস্থা পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। এখনও পর্যন্ত বহু পুণ্যার্থী পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে আসছেন। রবিবার তোলা নিজস্ব চিত্র।