সরশুনায় ফ্ল্যাট থেকে দেড় কোটি টাকার সোনার গয়না ও নগদ চুরির অভিযোগ
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরশুনায় অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে চুরি গেল দেড় কোটি টাকার সোনার গয়না ও নগদ টাকা। ফাঁকা ফ্ল্যাটে এই চুরির ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সিসি ক্যামেরার নজর এড়িয়ে কীভাবে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে চুরি করল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সরশুনা থানায় লিখিত অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিজাত আবাসনের ফ্ল্যাটে থাকা এক পরিবার পাসপোর্ট সংক্রান্ত কাজে ঝাড়খণ্ডের পাকুড়ে গিয়েছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহে। ফ্ল্যাট খালিই ছিল। ওই পরিবারের আদি বাড়ি ঝাড়খণ্ডে। এই আবাসনে নিরাপত্তা রক্ষী থেকে একাধিক সিসি ক্যামেরা রয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকায় ফ্ল্যাটে তালা দিয়ে তাঁরা পাকুড়ে গিয়েছিলেন। ২২ তারিখ গৃহকর্তার মেয়ে একাই ক্লান্ত অবস্থায় ফ্ল্যাটে আসেন। তিনি চাবি খুলে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরের দিন পরিবারের অন্য সদস্যরা ফিরে আসেন। গৃহকর্তা দেখেন, ফ্ল্যাটের পিছনের দিকে গ্রিল কাটা। সন্দেহ হতেই ঘরে গিয়ে দেখেন, আলমারিও কাটা হয়েছে। সেখানে থাকা সোনার গয়না ও নগদ ২৪ লক্ষ টাকা উধাও। অভিযোগকারিণী রানি শুক্লা অভিযোগে জানিয়েছেন, ফ্ল্যাট থেকে ১,১৫০ গ্রাম ওজনের সোনার গয়না চুরি গিয়েছে। যার বাজারদর আনুমানিক দেড় কোটি টাকা। সেই সঙ্গে ফ্ল্যাটে থাকা ২৪ লক্ষ টাকাও নেই। তার ভিত্তিতে পুলিশ চুরির কেস রুজু করেছে।তদন্তে নেমে স্থানীয় থানা ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ঘটনাস্থলে যান। যে জায়গাগুলি কাটা হয়েছে, সেগুলি ভালোভাবে পরীক্ষা করেন। তা দেখে ধারণা করা হচ্ছে, গ্যাস কাটার জাতীয় কিছু দিয়ে গ্রিল ও আলমারি কাটা হয়েছে। ফ্ল্যাট ফাঁকা থাকায় দুষ্কৃতীরা অনেকক্ষণ ধরেই চুরির ঘটনা ঘটিয়েছে।আবাসনের নিরাপত্তা ব্যবস্থা দেখে পুলিশের অনুমান, পিছনের দিক দিয়েই দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছে। তারপর কার্নিশ বেয়ে উপরে উঠেছে। তবে ওই ফ্ল্যাট যে ফাঁকা, সেই খবর দুষ্কৃতীরা পেল কী করে, তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। দক্ষিণ ২৪ পরগনার কোনো দুষ্কৃতী গ্যাং এই ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।