নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায়। এক মদের দোকানের মালিক বাইক নিয়ে এসে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। শুধু একদিন নয়, টানা দু’দিন ধরে একই কায়দায় ওই যুবক ছাত্রী ও এক মহিলাকে হেনস্তা করায় এলাকাবাসী যেমন ক্ষুব্ধ, তেমন আতঙ্কিতও বটে। শেষ পর্যন্ত এদিন বিকালে সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ মানুষজন। ধৃতের নাম রজপ্রিয় সাহা। বাড়ি নেতাজি সুভাষ রোডে। পুলিশ অভিযুক্তের বাইকটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ একাদশ শ্রেণির ওই ছাত্রী তার আত্মীয়ের বাড়ি থেকে তাঁতিপাড়ায় নিজের বাড়িতে ফিরছিল। সেই সময় অভিযুক্ত যুবক একটি বাইকে চেপে নির্জন রাস্তায় তার পথ আটকায় বলে অভিযোগ। এরপর সে নাবালিকার শ্লীলতাহানি করে। ছাত্রী চিৎকার করতেই আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত বাইক নিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বাইকের নম্বরপ্লেট কাগজ দিয়ে ঢেকে রেখেছিল, যাতে সহজে তাকে শনাক্ত করা না যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও একটি অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাও শিবপুরের নস্করপাড়া এলাকায় এই যুবকই এক শিক্ষিকাকে হেনস্তা করে বলে অভিযোগ। ওই শিক্ষিকা স্কুটারে করে বাড়ি ফেরার সময় সে নির্জন রাস্তায় তাঁকে আটকে কটূক্তি ও অশালীন আচরণ করে। সাহস করে তিনি প্রতিরোধ করতে গেলে অভিযুক্ত দ্রুতগতিতে পালিয়ে যায়।পরপর দু’টি ঘটনা ঘটনায় এলাকার বাসিন্দারা সক্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। রবিবার বিকালে বেলেপোল মোড় এলাকা থেকে তাকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর চ্যাটার্জিহাট থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন তাঁরা।