• পথদুর্ঘটনায় জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থেকে কান্দিতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনার কবলে পড়ল চার মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশি সহায়তায় এদের মধ্যে দু'জন ছাত্রকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বাকি দু'জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তারা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আজিম মল্লিক, ইরফান মল্লিক, শামীম শেখ এবং আজিম শেখ নামে ভরতপুর থানার অন্তর্গত জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের চার ছাত্র সোমবার সকালে একটি মোটরবাইকে চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। জজান মোড়ের কাছে একটি সাইকেলকে পাশ দিতে গিয়ে টোটোর সঙ্গে সংঘর্ষ হয় ওই মোটরবাইকের। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়ে চার ছাত্রই। এরপর  স্থানীয় বাসিন্দা  এবং পুলিশের সহায়তায় এদের মধ্যে দু'জন ছাত্রকে তাঁদের পরীক্ষা কেন্দ্র, কান্দির জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বাকি দুই ছাত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

     কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি মহম্মদ আজিজ মল্লিক এবং শামীম শেখকে দেখতে হাসপাতালে ছুটে যান কান্দি থানার আইসি মৃণাল সিনহা। তাঁর সহযোগিতায় তড়িঘড়ি আহতদের ইউএসজি এবং এক্স-রে করানোর ব্যবস্থা করা হয়। আহত ছাত্ররা যাতে হাসপাতাল থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে তারও উদ্যোগ নিয়েছেন তিনি। 

    আহত এক ছাত্রর দিদি রেজিনা বিবি বলেন, "আমার ভাই তার তিন বন্ধুর সঙ্গে মোটরবাইকে চেপে আজ কান্দির জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। একটি টোটোর সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তার দুই বন্ধুর আঘাত গুরুতর না  হওয়ায় তাদেরকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাইছি আমার ভাই এবং তার আরেক বন্ধুর আঘাত গুরুতর হওয়ায় তাদের জন্য যেন হাসপাতালেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।" 

    নইমুউদ্দিন আহমেদ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "সোমবার সকালে  জজান মোড়ে  একটি সাইকেলকে পাশ দিতে গিয়ে একটি মোটরবাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাইকে সওয়ার চার মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছে। দু'জনের আঘাত গুরুতর হওয়ায় হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি দু'জন ছাত্রকে পুলিশি তৎপরতায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয়েছে। আহত চার ছাত্রই ভরতপুরের জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে কান্দির জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে।"

    প্রসঙ্গত, এবছর মুর্শিদাবাদ জেলায় মোট ৮৩টি সেন্টার এবং ৭৬টি সাব সেন্টারে মোট ১৫৯টি স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। জেলা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবছর মুর্শিদাবাদে  মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৫,৭৪৪ জন। তার মধ্যে ছাত্র ৪১,৬৬৫ জন  ও ছাত্রী ৫৪,০৭৯ জন। মুর্শিদাবাদ জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। যেকোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
  • Link to this news (আজকাল)