• শুভেন্দু-সহ বিরোধীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের  কর্মসূচিতে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। সোমবার কলকাতা এবং রাজ্য পুলিশকে এই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  

    হাইকোর্টের বক্তব্য, বিরোধী দলের কোনও নেতার ওপর যাতে হামলার ঘটনা না ঘটে, তার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  আপাতত, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।  প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে, তাঁদের উপর হামলা চালানো হচ্ছে এবং নানা ভাবে বিড়ম্বনায় ফেলা হচ্ছে— এই অভিযোগে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী এবং এক বিজেপি বিধায়ক। সেই মামলার মধ্যেই কিছু দিন আগে চন্দ্রকোনায় বিরোধী দলনেতার গাড়িতে হামলার ঘটনার ঘটে। অভিযোগ ওঠে, ওই ঘটনার পর উল্টে শুভেন্দু  অধিকারী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধেই মিথ্যে মামলা দায়ের করা হয়। সেই এফআইআর খারিজের দাবিতে জনস্বার্থ মামলার মধ্যেই আলাদা করে আবেদন করেন বিরোধী দলনেতা। এর আগেই ওই মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। এবার রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতেও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে  কলকাতা এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

    এ দিন মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, এই সময়ের মধ্যে নতুন করে যেন কোনও বিরোধী নেতা হেনস্থার শিকার না হন, সে বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশ প্রয়োজন। রাজ্য আপত্তি তুললেও আদালত তা মানেনি। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনও বিরোধী নেতা বা তাঁদের গাড়ির উপর যাতে কোনও রকম হামলা না হয়, সেই নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।

    প্রসঙ্গত, কিছুদিন আগেই পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাতে ফেরার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তাঁর কনভয়ের ওপর হামলা চালায়। গাড়ির কাচে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাকে ঘিরে সাময়িকভাবে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে  থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি অভিযোগ ওঠে রাজ্যের একাধিক জায়গায় গিয়ে বিরোধী দলের নেতৃত্বকে আক্রান্ত হতে হয়েছে। এবার বিরোধী দলের নেতাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে রাজ্যকেই দায়িত্ব দিল হাইকোর্ট।
  • Link to this news (আজ তক)