একসময় ডুয়ার্সের জঙ্গল এলাকায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ছিল নিয়মিত। আচমকা রেললাইনে হাতির দল চলে এলে ট্রেনচালকদের পক্ষে দুর্ঘটনা এড়ানো কার্যত অসম্ভব হয়ে উঠত।
বনদপ্তরের তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত জঙ্গল ঘেরা ১৬১ কিলোমিটার রেলপথে ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে ট্রেনের ধাক্কায় অন্তত ৫০টি হাতির মৃত্যু হয়েছে।
এর মধ্যে ২০১০ সালে বানারহাট এলাকায় একসঙ্গে সাতটি হাতির মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।এই ঘটনার পর রেল দপ্তর জঙ্গলপথে ট্রেনের গতি কমানোর সিদ্ধান্ত নেয়।
ফলে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে হাতির মৃত্যুর সংখ্যা নেমে আসে ৩০-এ। রেল ও বন দপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে, ঘন জঙ্গলে দৃশ্যমানতা কম থাকাই দুর্ঘটনার প্রধান কারণ।
এরপর দুই দপ্তরের তরফে যৌথভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। ট্রেনের গতি আরও কমানো হয়, চালকদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এর ফলে সাম্প্রতিক কালে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা সামনে আসেনি। যদিও রেললাইনে হাতি চলে আসার ঘটনা ঘটেছে একাধিক বার।
এই সমস্যার মোকাবিলায় উত্তর-পূর্ব সীমান্ত রেল ২০২৫ সালে জঙ্গলপথে রেললাইনের দু’পাশে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) বসানোর সিদ্ধান্ত নেয়।
এই প্রযুক্তির মাধ্যমে রেললাইনের কাছে হাতির উপস্থিতি টের পেলেই তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে সঙ্কেত পৌঁছবে। সেখান থেকে লোকোপাইলট ও বন দপ্তরকে সতর্ক করা দেওয়া হবে।
যাতে আগাম সতর্কতা নিয়ে দুর্ঘটনা এড়ানো যায়। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই আইডিএস বসানোর কাজ শুরু করেছে রেল দপ্তর।
এর পাশাপাশি এবার আরও এক ধাপ এগোতে চলেছে ভারতীয় রেল। সোমবার আলিপুরদুয়ার রেল ডিভিশনে সাংবাদিক সম্মেলনে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দেবেন্দ্র সিং জানান, হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর সঙ্গে দুর্ঘটনা এড়াতে ট্রেনের ইঞ্জিনের সামনে অত্যাধুনিক থার্মাল ক্যামেরা বা লাইভ ডিটেক্ট ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিআরএম-এর কথায়, ‘এই থার্মাল ক্যামেরার মাধ্যমে ট্রেনের সামনে প্রায় ৫০০ মিটার দূরত্বের মধ্যে কোনও বন্যপ্রাণীর উপস্থিতি থাকলে তা সঙ্গে সঙ্গে লোকোপাইলটের স্ক্রিনে দৃশ্যমান হবে। ফলে আগাম সতর্কতা পেয়ে চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।’
তিনি জানিয়েছেন, বর্তমানে এই প্রযুক্তি পরীক্ষামূলক বা ট্রায়াল পর্যায়ে রয়েছে। পরীক্ষা সফল হলে বনাঞ্চল সংলগ্ন রেলপথে স্থায়ীভাবে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।