• ‘মোগাম্বো খুশ হুয়া’, বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের ঘোষণার পরে কটাক্ষ কংগ্রেসের, কী বলছে BJP?
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কথা ঘোষণা করেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। NDA শিবির, আরও স্পষ্ট করে বললে বিজেপি এটাকে ‘উইন উইন সিচুয়েশেন’ হিসেবে দেখছে। অন্য দিকে, ট্রাম্পের কাছে মোদী আত্মসমর্পণ করলেন বলে কটাক্ষ করে কংগ্রেস বলছে, ‘মোগাম্বো খুশ হুয়া’।

    চুক্তি চূড়ান্ত হওয়ার কথা প্রথম ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট। তার পরে ট্যারিফ কমানোর কথা জানিয়ে X-এ পোস্ট করেন মোদী। এখানেই আপত্তি কংগ্রেসের। বর্ষীয়াণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, ‘প্রধানমন্ত্রীর কাছে তাঁর নিজের সরকারের কোনও খবর নেই। তিনি সেই খবর পাচ্ছেন ট্রাম্প কিংবা তাঁর নিযুক্ত কর্মকর্তাদের কাছ থেকে।’ এটাকে ‘ট্রাম্প নির্ভরতা’ বলে কটাক্ষ করেছেন তিনি।

    গত মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে নয়াদিল্লি। সেই চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ আখ্যা দিয়েছিল দুই পক্ষই। এ দিন সেই প্রসঙ্গ টেনে জয়রাম বলেন, ‘এটাকে কোনও ভাবেই সব চুক্তির জনক বলা যায় না।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘মোদীর উপরে যে চাপ রয়েছে সেটা আজ জলের মতো পরিষ্কার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ট্রাম্পের সঙ্গে একমঞ্চে থাকতেও অস্বস্তি হচ্ছে প্রধানমন্ত্রীর। আলিঙ্গন তো দূরের কথা।’

    এর পরেই আটের দশকের জনপ্রিয় হিন্দি ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র সেই বিখ্যাত সংলাপ টেনে আনেন জয়রাম। তিনি লেখেন, ‘ওয়াশিংটনে মোগাম্বো খুশ হুয়া, এটা স্পষ্ট।’ মোদী শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে নতিস্বীকার করেছেন বলেও দাবি করেছেন জয়রাম।

    বিজেপি অবশ্য চুক্তি চূড়ান্ত করার কথা কে আগে ঘোষণা করলেন, তার মধ্যে না ঢুকে এটাকে জয় হিসেবেই দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ X-এ লিখেছেন, ‘ভারত-আমেরিকার সম্পর্কে আজ গুরুত্বপূর্ণ দিন। এতে বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।’ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন তিনি। মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর কথায়, ‘এই চুক্তির ফলে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া নতুন গতি পাবে।’

    চুক্তিকে ‘উইন উইন’ বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, ‘ভারত এবং আমেরিকা পরস্পরের পরিপূরক। এই চুক্তির ফলে দুই দেশের ব্যবসায়ীরা তো বটেই, সাধারণ জনগণও উপকৃত হবেন।’

  • Link to this news (এই সময়)