নির্বাচনের আগে সমাজমাধ্যমেও জোর প্রচার রাজনৈতিক দলগুলির
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, হিলি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মাঠের পাশাপাশি সমাজমাধ্যমেও প্রচারে জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি ইতিমধ্যে সমাজমাধ্যমে দলীয় প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তরুণ প্রজন্মের কাছে নিজেদের দলীয় বার্তা পৌঁছে দিচ্ছে। পিছিয়ে নেই বাম-কংও। তারাও সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার শুরু করেছে।নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। প্রার্থী তালিকা প্রকাশ না হলেও কার্যত ভোটের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জোর দেওয়া হয়েছে ডিজিটাল প্রচারেও। বিশেষ করে যুব সমাজের কাছে পৌঁছতে সমাজ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। দুই দলের জেলা নেতৃত্ব ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, এসআইআর নিয়ে সাধারণের হয়রানি এবং উন্নয়নের বার্তা নিয়ে দলের কর্মীরা মানুষের দরজায় দরজায় যাচ্ছেন। নির্বাচনের দিন বা প্রার্থী ঘোষণা না হলেও তৃণমূল কর্মীরা পুরোপুরি রাস্তায় রয়েছেন। পাশাপশি ডিজিটাল প্রচারের জন্য দল তৈরি।ডিজিটাল প্রচারে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, নির্বাচনের অনেক আগে থেকে আমাদের প্রচার শুরু হয়েছে। আমাদের প্রচার ও প্রসার গঠনগত। জনসংযোগই আমাদের প্রচারের মুখ্য উদ্দেশ্য। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের দুর্নীতিকে চিহ্নিত করে তা মানুষের সামনে তুলে ধরাই বিজেপির প্রচারের অন্যতম লক্ষ্য। ডিজিটাল মাধ্যমে সেসব তুলে ধরা হচ্ছে। এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে দলের তরফে রণকৌশল নেওয়া হচ্ছে। এরপর দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব বলছেন, জাতীয় ও রাজ্যস্তরের জনবিরোধী গুরুত্বপূর্ণ ইস্যুকে প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে।