ইস্যু হারিয়ে দিশেহারা বিজেপি, অগত্যা এসআইআর নিয়ে আন্দোলনে পদ্ম পার্টি
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাজেটে মুখ চুন। ইস্যু হারিয়ে কার্যত দিশেহারা বিজেপি। এসআইআর নিয়ে তৃণমূলের আন্দোলনকে দু’দিন আগেও কটাক্ষ করেছে যে গেরুয়া শিবির, তারাই এখন এসআইআরকে আঁকড়ে ধরে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টায় মরিয়া। তবে সেই আন্দোলনেও জাতপাতের রাজনীতি করতে ছাড়ছে না গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রভাবিত হয়ে এসআইআরের কাজ করা একাংশের আধিকারিক শুনানির নামে হিন্দুদের হয়রানি করছেন, এই অভিযোগ তুলে সোমবার অন্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। যদিও এদিনের কর্মসূচিতে কর্মীর সংখ্যা ছিল হাতেগোনা। জেলা বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, প্রতিনিধিত্বমূলক প্রতিবাদ কর্মসূচি। তাই বেশি ভিড় করা হয়নি। তাছাড়া মাধ্যমিক পরীক্ষা চলছে, সেটা মাথায় রাখা হয়েছে। কয়েকদিন আগেও যে বিজেপি বলছিল, তৃণমূল ‘এসআইআর জ্বরে’ ভুগছে। গেরুয়া শিবিরের যে নেতারা বলছিলেন, এসআইআর তাঁদের বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়, বাজেট নিয়ে ড্যামেজ কন্ট্রোলে এসআইআর ইস্যুকে আঁকড়ে ধরে সেই বিজেপি নেতাদেরই এদিন জলপাইগুড়িতে প্রচারে থাকার মরিয়া চেষ্টা করতে দেখা গেল। জেলাশাসকের কার্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর হুঙ্কার, এসআইআরে যদি একজন হিন্দুর নামও বাদ যায়, জেলাশাসকের অফিসে তালা মারব।বিজেপিকে বিঁধে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপের তোপ, আসলে বাজেটে মুখ পুড়েছে বিজেপি নেতাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন, তা ভেবে পাচ্ছেন না পদ্ম পার্টির নেতারা। তাঁরা তালগোল হারিয়ে ফেলেছেন। সেকারণে এখন এসআইআর নিয়ে আন্দোলনের নাটক করছেন। মহুয়ার আক্রমণ, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর করে বিজেপি বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করেছিল। কিন্তু শেষপর্যন্ত সেই উদ্দেশ্য সফল হবে না বরং এসআইআর যে ভোটে বিজেপির বুমেরাং হবে, তা বুঝতে পেরেই এখন নতুন নাটক করছেন গেরুয়া পার্টির নেতারা। মানুষ ওদের ছলচাতুরি ধরে ফেলেছে।লজিকাল ডিসক্রিপেন্সির নামে এসআইআর শুনানির নোটিস ধরিয়ে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এদিন জলপাইগুড়িতে সেই সুর শোনা গেল বিজেপি নেতাদের গলায়। এসআইআর শুনানিকেন্দ্রে সাধারণ মানুষের হয়রানি প্রসঙ্গে দিন কয়েক আগে প্রশ্নের উত্তরে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় বলেছিলেন, এসআইআর বিজেপি করাচ্ছে না। ওটা নির্বাচন কমিশনের বিষয়। তারা দেখবে। যদিও এদিন সেই শ্যামল রায়ের গলায় অন্য সুর। জেলাশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, নামের বানান কিংবা পদবীর বানানের ভুল দেখিয়ে ইচ্ছাকৃতভাবে অসংখ্য নোটিস ইস্যু করা হচ্ছে। এটা এসআইআর প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা।