• বাঁকুড়ার জঙ্গলমহলে হাতি-হানার ভয়, কড়া নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছাল কেন্দ্রে
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ এবং সংবাদদাতা, পুরুলিয়া: সোমবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বাঁকুড়ার জঙ্গলমহলে হাতিপ্রবণ এলাকায় পরীক্ষার্থীদের ‘কর্ডন’ করে রাস্তা পারাপার করানো হয়। সেখানে প্রশাসন ও পুলিশের তরফে বাসের ব্যবস্থা করা হয়।দু’-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাঁকুড়ায় মাধ্যমিকের বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোতুলপুরে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার অভিযোগে এক ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোতুলপুরের দেওপাড়া চম্পামণি হাইস্কুলের ওই ছাত্রীর গোপীনাথপুর সরোজবাসিনী বিদ্যালয়ে সিট পড়েছিল। পরীক্ষা চলাকালীন তার কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত হয়। ফলে তার পরীক্ষা বাতিল হয়েছে। কমলপুর হাইস্কুলের এক ছাত্রী এদিন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বসে পরীক্ষা দেয়। চণ্ডীদাস হাইস্কুলে তার সিট পড়েছিল। এদিন সকালে পেটে ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। ফলে সেখানেই তার পরীক্ষর ব্যবস্থা করা হয়েছিল। এদিন দুপুরে খাতড়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় টোটো উল্টে তিন পরীক্ষার্থী জখম হয়। কংসাবতী শিশু বিদ্যালয় ও বনকাটি হাইস্কুলের ওই তিন ছাত্রের গোড়াবাড়ি হাই স্কুলে সিট পড়েছে। তিনজনে দুর্ঘটনাগ্রস্ত টোটোয় চেপে বাড়ি ফিরছিলে। টোটো উল্টে তারা সামান্য জখম হয়। খাতড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন বড়জোড়ার জঙ্গলমহলে হাতিপ্রবণ এলাকায় সকাল থেকেই পুলিশ ও বনকর্মীদের নিয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় হাজির হন। তিনি গোদারডিহি অঞ্চলে পরীক্ষার্থীদের জঙ্গলপথ পার করিয়ে দেন। প্রশাসনের নির্দেশে বড়জোড়া থানার তরফে সেখানে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়।অলোকবাবু বলেন, বড়জোড়া এলাকায় পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি ১১টি দলছুট দাঁতাল ছিল। পুলিশ ও বনকর্মীদের নিয়ে আমরা পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছে দিয়েছি। তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার ব্যবস্থাও করা হয়েছিল। আগামী দিনগুলিতেও আমরা পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করব।  বাঁকুড়ার পরীক্ষা আহ্বায়ক গৌতম দাস বলেন, প্রথম দিনে জেলায় ৯৭.৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।পুরুলিয়ায় নির্বিঘ্নে মিটল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। এদিন কোটশিলা থানার চাতামবাড়ি এলাকায় এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। পুলিশ বিষয়টি জানতে পারার পরই তা আনার ব্যবস্থা করে দেয়। ঝালদার খামার হাইস্কুল ও রামাশ্রম হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু’টি বাসের ব্যবস্থা করে বনদপ্তর।আরামবাগেও এদিন নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পুলিশ পরীক্ষার্থীদের সাহায্য করে। বাইক ও গাড়িতে চাপিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আরামবাগের এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্তারা মহকুমার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। গোঘাটের দু’টি কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে হাজির হন আরামবাগের সংসদ সদস্য মিতালি বাগ। এসডিপিও বলেন, সুষ্ঠুভাবে মধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিন পরীক্ষার্থীদের জলের বোতল, পেন, গোলাপফুল প্রভৃতি দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)