মানসিক ভারসাম্যহীন যুবক খুন, বিহার থেকে গ্রেপ্তার কাউন্সিলারের ছেলে
বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দলে মানসিক ভারসাম্যহীন যুবককে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত নমিত সিং ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার সুনিতা সিংয়ের ছেলে।২৩ জানুয়ারি বিকেলে জগদ্দল থানার মেঘনা মোড়ে মহম্মদ ইস্তেহাক আহমেদ নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। মৃতের বাড়ি গারুলিয়া। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে নমিত সিংয়ের কথা জানতে পারে পুলিশ। বিহারের বেগুসরাই থেকে নমিতকে গ্রেপ্তার করা হয়। তাকে বারাকপুর মহকুমা আদালত আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।নমিত সিংহের বিরুদ্ধে ওই খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি সিসি ক্যামেরার ছবিও দেখিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, নমিত সিংহের মা অর্জুন সিংয়ের এলাকার কাউন্সিলার। তৃণমূল অবশ্যই এই ঘটনায় নমিত সিংকে সমর্থন করেনি। একটি মানসিক ভারসাম্যহীন নিরীহ ছেলেকে পিটিয়ে খুন করার ঘটনায় পুলিশ প্রশাসন কঠোর মনোভাব দেখায়। নমিতের খোঁজে তাঁর আত্মীয় গারুলিয়া পুরসভার কাউন্সিলার সঞ্জয় সিং ওরফে নান্নে সিংয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়িতে তল্লাশিকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানান সঞ্জয় সিং। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর নমিতের খোঁজে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ টিম তৈরি করা হয়। তারা বিভিন্ন সূত্রে খোঁজখবর শুরু করে। শেষ পর্যন্ত বিহারের বেগুসরাই থেকে গ্রেপ্তার করা হয় যুবককে। নমিতকে এর আগে এনআইএ গ্রেপ্তার করেছিল। ওয়াকিবহাল মহলের মতে, দুই গোষ্ঠীর বিবাদের ফলেই সেদিন মেঘনা মোড় উত্তাল হয়ে ওঠেছিল। যারফলে মারা যান ওই মানসিক ভারসাম্যহীন যুবক। এই খুনের ঘটনাতেও ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।