• হাসপাতালের পিছনের রাস্তায় পড়ে ইমারতি দ্রব্য, অ্যাম্বুলেন্স ঢুকতে বাধা
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের রাস্তা এখন ইমারতি দ্রব্য রাখার গোডাউনে পরিণত। রাস্তার পাশে যত্রতত্র পড়ে আছে ইট, বালি, স্টোনচিপ। সঙ্গে আবর্জনাও পড়ে। সব মিলিয়ে শোচনীয় অবস্থা। রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। তবে এই ব্যাপারে প্রশাসনের কোনো নজরদারি নেই বলেই অভিযোগ। জায়গাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পড়ে। কাউন্সিলার অর্চনা মল্লিক বলেন, বিষয়টি বারুইপুর পুরসভাকে জানিয়েছি।সুপার স্পেশালিটি হাসপাতালের গেট পার হলেই নজরে আসবে মাঝরাস্তায় দাঁড় করানো ইট। তারপরে একে একে চোখে পড়ে বালি, কিছুটা এগিয়ে স্টোনচিপ। এরপর দত্তপাড়া মোড়ের দিকে এগলেই দেখা যাবে হাসপাতালের ভিতরে আবর্জনা রাখার জায়গার পাঁচিল ভাঙা। সেখানকার আবর্জনা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। একই অবস্থা হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গার অফিসের সামনে। আবর্জনা পড়ে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কুকুর তা টেনে রাস্তায় নিয়ে আসছে।এলাকার বাসিন্দারা এই সমস্যা নিয়ে তিতিবিরক্ত। অনেকেই বলেন, যে যাঁর মতো রাস্তায় ইমারতি দ্রব্য ফেলে রেখে চলে যাচ্ছেন। আবর্জনা পড়ে পরিবেশ দূষণ করছে। কিন্তু কারও কোনো নজরদারি নেই। কাউন্সিলারকে জানিয়েও কাজ হয়নি। মাঝেমধ্যে ট্রাফিক পুলিশের লোকজন এসে সেগুলি সরিয়ে দেয়। তারপরে ক’দিন যেতে না যেতেই আবার একই অবস্থা। আসলে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় না এই ব্যাপারে। এখন অবস্থা এমন যে, সন্ধ্যার পরে রাস্তায় চলাচল করাই বিপজ্জনক। একটু অসর্তক হয়ে চলতে গেলেই বিপদ ঘটবে। অ্যাম্বুলেন্স চালকরা বলেন, খুব সাবধানে গাড়ি নিয়ে আসতে হয়। বালি পড়ে থাকায় চাকা স্লিপ খেয়ে যায়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)