• মারধরে আহত মূক ও বধির যুবক মৃত, ঘোলায় অবরোধ
    বর্তমান | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: সন্দেহের বশে মূক ও বধির এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছিল ঘোলার এক দোকানদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় মারধরে আহত ওই যুবকের সোমবার সকালে মৃত্যু হয়। এর প্রতিবাদে এলাকাবাসীরা নামাজপাড়া লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের বারাকপুরগামী লেন অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরোধ ওঠে। এই ঘটনায় পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নামাজপাড়ার বাসিন্দা আশিক মণ্ডল (৩২)। স্থানীয় এক দোকানদার ও তাঁর পরিবারের সদস্যরা ২৬ জানুয়ারি ওই মূক ও বধির যুবককে আটকে রেখে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সেখানে আশিকের মৃত্যু হয়।এদিকে, এলাকায় এই খবর আসার পর উত্তেজনা ছড়ায়। বিকেলে স্থানীয় বাসিন্দারা নামাজপাড়া লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের একটি লেন আটকে বিক্ষোভ শুরু করেন। পরে ঘোলা থানার বড় পুলিশ বাহিনী, বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, খড়দহ ব্লক তৃণমূল সভাপতি প্রসেনজিৎ সাহা সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)