• বাকি ৫ দিন, চলছে 'SIR'-এর শুনানি পর্ব, এখনও গরহাজির ৩ হাজার
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, তমলুক: তথ্যগত অসঙ্গতি বা লজিকাল ডিসক্রিপেন্সি সংশোধনের প্রক্রিয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় চলছে 'সার'-এর শুনানি পর্ব। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় চার লক্ষেরও বেশি শুনানির কাজ শেষ হয়েছে। ৭ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে এই শুনানির ডেটা এন্ট্রির কাজ। অথচ এখনও অনুপস্থিত প্রায় তিন হাজার ভোটার। জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্যব্যাপী ভোটার তালিকা পুনর্বিবেচনা পর্বে পূর্ব মেদিনীপুরে দুই দফায় প্রায় ৫ লক্ষ ভোটার-এর ক্ষেত্রে তথ্যগত ত্রুটি ও 'লজিকাল ডিসক্রিপেন্সি' ধরা পড়ে।

    এঁদের প্রত্যেককেই শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। এই শুনানি প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের মোট ৪ হাজার ৪২০টি বুথজুড়ে এই বিশাল কর্মযজ্ঞ চলছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২০০২ সালের প্রায় ৪৬ হাজার 'নো-ম্যাপিং' ভোটার ছিলেন।

    স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) প্রক্রিয়ার প্রথম ধাপে 'নো-ম্যাপিং' ভোটারদের আলাদা ভাবে শুনানির মাধ্যমে যাচাই করা হয়েছিল। দ্বিতীয় ধাপে শুরু হয় তথ্যগত অসঙ্গতি বা 'লজিকাল ডিসক্রিপেন্সি' যুক্ত ভোটারদের শুনানি। এই পর্যায়ে জেলায় ব্যাপক সাড়া মেলে ভোটারদের তরফে। যদিও প্রাথমিক পর্যায়ে বেশ কিছু ব্লকে শুনানিতে এসে ভোটারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন অতিরিক্ত শুনানি টেবিলের ব্যবস্থাও করেছে। প্রাথমিক ভাবে যেখানে জেলাজুড়ে ১৬৫টি শুনানি টেবিল ছিল। সেখানে পরবর্তী কালে আরও ১০০টিরও বেশি টেবিলের ব্যবস্থা করা হয়।

    বিশেষ করে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় টেবিল বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। ফলে বর্তমানে শুনানি প্রক্রিয়া অনেক দ্রুতগতিতে এগোচ্ছে বলে নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে। জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন, 'দুই দফা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি শুনানি হয়েছে। ডেটা এন্ট্রির কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। ৭ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত ডেটা এন্ট্রি শেষ হয়ে যাবে বলে আশা করছি। শুনানিতে অনুপস্থিতির সংখ্যা প্রায় তিন হাজার।'

  • Link to this news (এই সময়)