এই সময়: ২০২৬–এর ভোটের আগে বিধানসভার শেষ অধিবেশন, আজ, মঙ্গলবার শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের পরে দুপুর আড়াইটায় বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। যেহেতু বিধানসভা নির্বাচনের পরে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, তাই বৃহস্পতিবারের বাজেট মূলত ভোট অন অ্যাকাউন্ট বাজেট। রাজ্যপাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ভাষণ পাঠ করবেন। এই বাজেট অধিবেশনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে বিতর্কের পাশাপাশি কয়েকটি বিল পেশ হতে পারে।
বিধানসভায় সোমবার সর্বদলীয় বৈঠকে এবং কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা চলবে। কয়েকটি বিল আসার কথা রয়েছে। ফলে সেই অনুযায়ী কার্যসূচি ঠিক হবে।’ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিরোধী বিজেপি দীর্ঘদিন বিধানসভার সর্বদলীয় বৈঠক এবং কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে যোগদান করে না। তবে রাজ্যপালের ভাষণ, বাজেট, প্রস্তাবিত বিলের বিতর্কে বিজেপি বিধায়করা থাকবেন বলে গেরুয়া শিবির সূত্রের খবর।
বিধানসভা ভোটের আগে এটাই যেহেতু শেষ বাজেট, তাই রাজ্য সরকারের তরফে জনপ্রিয় প্রকল্পের ঘোষণা অথবা এমন চলতি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রবল সম্ভবনা রয়েছে বলে তৃণমূলের প্রবীণ বিধায়কদের পর্যবেক্ষণ। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্য বাড়াতে পারে বলে মনে করছেন শাসক নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে বাংলার জন্য বড় ঘোষণা না–থাকায় তৃণমূল নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে। রাজ্য বাজেট নিয়ে গেরুয়া শিবিরকে প্রশ্ন তোলার সুযোগ মুখ্যমন্ত্রী দেবেন না বলে তৃণমূলের পরিষদীয় দলের দৃঢ় বিশ্বাস।