এই সময়, সিউড়ি: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার)-এ হিয়ারিংয়ের নোটিস পেয়েছিলেন প্রৌঢ়া। কিন্তু অসুস্থতার কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে যেতে পারেননি। একে নোটিস, তার উপরে উপস্থিত না-হতে পারার উদ্বেগ, সব মিলিয়ে তাঁর শরীর আরও খারাপ হয়ে যায় বলে অভিযোগ পরিবারের। রবিবার নিজের বাড়িতেই মারা যান অঞ্জলি মণ্ডল (৬৫)।
সিউড়ির ২১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়া এলাকায় তাঁদের বাড়ি। গত ৮ জানুয়ারি তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়। কিন্তু অসুস্থ থাকায় তখন শুনানিতে যেতে পারেননি প্রৌঢ়া। এর পরেই তিনি প্রবল উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানান ছেলে নিমাই মণ্ডল। তাঁর কথায়, 'মা বারবার বলছিলেন, শুনানিতে যেতে পারলাম না। আমার নাম বাদ দিয়ে দিলে কোথায় থাকব, কী হবে আমার! অনেক বুঝিয়েছিলাম। কিন্তু নিশ্চিন্ত হতে না পেরে মারাই গেল।'
সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী সোমবার নিমাই ও তাঁদের অন্য পরিজনের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। পরে বিধায়ক বলেন, 'সার-আতঙ্কে মৃত্যুর মিছিল চলছে। তৃণমূল কংগ্রেসের তরফে আমরা ওই পরিবারের পাশে আছি।'