• খাসির গলায় বোর্ডে লেখা, ‘আমার বাবা হারু শেখ’!
    এই সময় | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, কান্দি: স্পেশাল ইনটেনসিভরিভিশন (সার) শুনানিতে ডাক পেয়ে হয়রানির অভিযোগ তুলেছেন মুর্শিদাবাদের কান্দি থানার নবগ্রাম হাটপাড়ার বাসিন্দা হারু শেখ। পোষ্য চারটি খাসি সঙ্গে নিয়ে হিয়ারিং ক্যাম্পে হাজির হয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন তিনি। ৪৮ বছরের হারুর দুই ছেলে। কিন্তু নোটিস এসেছে ছয় ছেলের নামে। প্রতিবাদে দুই ছেলের সঙ্গে চারটি খাসিকে নিয়ে ক্যাম্পে হাজির হন হারু!

    খাসিগুলোর গলায় ঝোলানো রয়েছে বোর্ড। তাতে লেখা, 'আমার বাবা হারু শেখ!' এর আগে তাঁর দুই ছেলের নামে শুনানির নোটিস আসার পরে হিয়ারিং ক্যাম্পে তাঁদের নথি জমা দেন হারু। এ বার অতিরিক্ত আরও চার সন্তানের নামে নোটিস আসার প্রতিবাদে কান্দির গোকর্ণ-২ পঞ্চায়েত কার্যালয়ে হিয়ারিং ক্যাম্পে খাসি নিয়ে হাজির হন। কমিশনের এইআরও এবং মাইক্রো অবজার্ভারের উদ্দেশে হারু বলেন, 'এই দেখুন স্যর, আমার দুই ছেলে। আর রইল বাকি বাড়ির চার খাসি। একটু ছবি-টবি তুলে ভালো করে দেখে নিন। আবার যেন ভুল না-হয়ে যায়।'

    ক্ষুব্ধ হারু বলেন, 'আমার দু'টি সন্তানের জায়গায় কমিশন ছ'টি সন্তান করে দেওয়ায় বাড়িতে তুমুল অশান্তি হয়েছে। রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে। কমিশন এখন আমাকে আমার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।' কান্দির বিডিও তাপসকুমার মণ্ডল বলেন, 'ওই ভোটারের নোটিস কেন এসেছে, তা খোঁজ নিচ্ছি। তিনি চাইলে লিখিত অভিযোগ দিতে পারেন।'

  • Link to this news (এই সময়)