• চেম্বারে ঢুকে ডাক্তারের মাথায় একের পর এক কাটারির কোপ, হাড়হিম...
    ২৪ ঘন্টা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অরূপ লাহা: ভয়ংকর কাণ্ড। চেম্বারের মধ্যেই ডাক্তারকে কাটারি দিয়ে কপিয়ে খুন। তুলকালাম বর্ধমান শহরের বাদামতলা। মৃত কোয়াক ডাক্তারের নাম রাজা ভৌমিক(৪৫)। বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগে। ধৃতের বাড়ি বর্ধমানের শক্তিগড়ের আমড়া গ্রামে। এমন হামলার কারণ জানলে চমকে যেতে হয়।

    কীভাবে ঘটল ওই ঘটনা? মঙ্গলবার অন্যান্য দিনের মতোই সকাল দশটা নাগাদ বাদামতলায় নিজের চেম্বার খোলেন রাজা ভৌমিক। কিছুক্ষণের মধ্যেই চেম্বারের ঢোকেন জীবন রুইদাস নামে এক ব্যক্তি। পুলিস সূত্রে খবর, জীবনের ব্যাগে ছিল একটি কাটারি। অতর্কিতে সেই কাটারি দিয়েই রাজাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন জীবন। চেম্বারের মধ্য়েই লুটিয়ে পড়েন ডাক্তার রাজা ভৌমিক। 

    এদিকে, ডাক্তারকে কুপিয়ে কোনও বিকার ছিল না জীবনের। সোজা হাজির হন বর্ধমান থানায়। পুলিসের কাছে গিয়ে খুনের কথা স্বীকার করে জীবন। কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় পুলিস। তাকে নিয়ে আসা হয় বাদামতলায় রাজা ভৌমিকের চেম্বারে। তার পরই পুলিস রাজার রক্তাক্ত দেহ তুলে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  

    স্থানীয় বাসিন্দারা অবশ্য এতবড় ঘটনা টের পায়নি। পুলিস রাজা ভৌমিকের চেম্বারের এলে স্থানীয়রা বুঝতে পারেন গুরুতর কিছু হয়েছে। জানা যাচ্ছে, ধৃত জীবন রুইদাসের ঠাকুমা মাস খানেক আগে মারা যান। তার ধারণা হয়, রাজার ভুল চিকিত্সার ফলেই মৃত্যু হয়েছে তার ঠাকুমার।  সেই রাগেই জীবন ব্যাগের মধ্যে কাটারি লুকিয়ে এনে রাজার মাথায় কোপ বসিয়ে দেয়।

    গত দু’বছর ধরে বাদামতলা এলাকায় চেম্বার চালাচ্ছিলেন রাজা ভৌমিক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস। মৃতের ভাইপো আকাশ ভৌমিক  জানান কাকার দুই সন্তান আছে। কাকা রোজকার মত মঙ্গলবারও সকাল ১০ টা নাগাদ চেম্বারে যায়। তারপর বাড়িতে এই ঘটনায় খবর পেয়ে এসেছি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান,অভিযুক্ত খুন করে নিজেই থানায় আসে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। খুনের কারণ কী, কবে থেকে পরিকল্পনা করেছে বা তার কোন মানসিক বিকার আছে কি না সবটাই জানার চেষ্টা করছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)