জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: রাতে দুষ্কৃতীদের তাণ্ডব। দোকানে আগুন, লুঠপাট! অভিযোগ পেয়েই তত্পর পুলিস। দোকানটিকে অবশ্য বাঁচানো যায়নি। পুড়ে ছাই গিয়েছে। তবে সিসিটিভি ফুটেদের সূত্র ধরে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।
পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ২টো। গত ৩১ জানুয়ারি গভীর রাতে খেজুরির পানখাই গ্রামে রাস্তার ধারে একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিসে টহলদারি ভ্যান। ততক্ষণে দোকানটি ভষ্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় মানুষের সহায়তায় আগুন নেভান পুলিসকর্মীরা।
ঘটনাটি ঠিক কী? কারা দোকানে আগুন লাগাল? পরের দিন সকালে ফের ঘটনাস্থলে যায় পুলিস। দোকানের পাশেই একটি বাড়িতে সিসিটিভি ক্যামেরার হদিশও মেলে। কিন্তু দেখা যায়, পালানোর সময়ে ক্য়ামেরাটি ভেঙে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শেষে হার্ডডিক্স থেকে ফুটেজ উদ্ধার করে পুলিস। এরপর দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে শুরু হয় তদন্ত।
সিসিটিভি ফুটেজে রাতের অন্ধকারে চারজনকে দোকানে আগুন লাগাতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন চিহ্নিতও করে ফেলেন তদন্তকারীরা। নাম, মানিক পণ্ডা। গতকাল, সোমবার গ্রেফতার করা হয় তাঁকে। পুলিস সুপার জানিয়েছেন, জেরার মুখে অপরাধ স্বীকার করেছে মানিক। বাকি তিন অভিযুক্তের নামও বলেছে সে।