• দক্ষিণ দিনাজপুরে এখনও তৃণমূলের একটি অঞ্চল কমিটি গঠন হয়নি
    বর্তমান | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • সোমেন পাল, গঙ্গারামপুর: বিধানসভা নির্বাচনের মুখে দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের প্রস্তুতিতে যেখানে বুথ স্তর পর্যন্ত সংগঠন চাঙা করার কথা, সেখানে এখনও জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতে গঠনই করা যায়নি অঞ্চল কমিটি।২০২৫ সালের শেষের দিকে জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও তার পরবর্তী ধাপে ব্লক ও টাউন কমিটি গঠিত হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর অঞ্চল কমিটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। দলীয় সূত্রে খবর, নিচুতলায় একাধিক গোষ্ঠী থাকায় কোন নেতাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েই দোটানায় জেলা নেতৃত্ব। ফলে অঞ্চল কমিটির তালিকা চূড়ান্ত করতে গিয়ে কার্যত কালঘাম ছুটছে। এদিকে, নির্বাচনের আগে বুথ স্তরে কর্মীদের কীভাবে মাঠে নামান হবে, কে নেতৃত্ব দেবে, কী হবে রুট ম্যাপ সেসব এখনও চূড়ান্ত হয়নি। যার ফলে সংগঠনকে নিচু স্তর থেকে সাজিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা যে বড় চ্যালেঞ্জ, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। এই পরিস্থিতির মধ্যেই সোমবার বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় কুমার মণ্ডল সমাজ মাধ্যমে ১১টি পঞ্চায়েতের অঞ্চল কমিটির তালিকা প্রকাশ করেন। যদিও দলের অনুমোদন না থাকায় পরে সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হন। তবে বালুরঘাট ব্লক তৃণমূল নেতৃত্ব ওই ১১টি অঞ্চল কমিটিকেই বৈধ বলে দাবি করেছে। বিষয়টি নিয়ে জেলা তৃণমূল শিবিরে তীব্র অস্বস্তি ছড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয়, সমাজ মাধ্যমে প্রকাশিত অঞ্চল তৃণমূলের প্যাডে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের স্বাক্ষর থাকায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। এর জেরে নির্বাচনের মুখে নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। জেলার রাজনৈতিক মহলের একাংশের মত,নির্বাচনের আগে যদি তৃণমূল সাংগঠনিক ভাবে নিচুতলায় নিজেদের গোছাতে না পারে, তাহলে কর্মীদের একসূত্রে বেঁধে মাঠে নামানো কঠিন হয়ে পড়বে। অন্যদিকে, প্রধান বিরোধী বিজেপি সাংগঠনিক দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত ছোট ছোট সভা ও সমাবেশে ব্যস্ত বিজেপি নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, এখনও অঞ্চল কমিটি গঠন হয়নি। ব্লক সভাপতির পাঠানো তালিকা আমরা রাজ্যে পাঠিয়েছি অনুমোদনের জন্য। রাজ্য থেকে সবুজ সংকেত এলেই অঞ্চল কমিটি ঘোষণা করা হবে। অতি উৎসাহিত হয়ে বালুরঘাট ব্লক সভাপতি যে তালিকা প্রকাশ করেছিলেন, তাতে দলের কোনও অনুমোদন ছিল না। অন্যদিকে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় কুমার মণ্ডল বলেন, দল আমাকে অঞ্চল কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। আমি সেই অনুযায়ী কমিটি তৈরি করেছি। আমার কমিটির মান্যতা নেই, দল এমন কিছু জানায়নি। এপ্রসঙ্গে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় বলেন, জেলায় তৃণমূলের নামে সংগঠন থাকলেও নিচুতলায় নেতৃত্বের মধ্যে কোনও সমন্বয় নেই।
  • Link to this news (বর্তমান)